PF Nomination: PF-এ নমিনি নেই? একটা ভুলেই আটকে যেতে পারে টাকা, জেনে নিন নিয়ম | PF Account Without Nominee? Here's Who Can Claim EPF Money After a Member's Death - 24 Ghanta Bangla News
Home

PF Nomination: PF-এ নমিনি নেই? একটা ভুলেই আটকে যেতে পারে টাকা, জেনে নিন নিয়ম | PF Account Without Nominee? Here’s Who Can Claim EPF Money After a Member’s Death

Spread the love

নয়া দিল্লি:  চাকরিজীবীদের ভবিষ্যত সঞ্চয়ের অন্যতম ভরসার জায়গা হল পিএফ (PF) বা প্রভিডেন্ট ফান্ড (Provident Fund)। চাকরিজীবনে একটু একটু করে জমানো অর্থ অবসরের পর একাকালীন অনেক টাকা রিটার্ন দেয়। শুধু অবসরের সময় নয় জরুরি পরিস্থিতিতে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে, জানেন কি প্রভিডেন্ট ফান্ডে কাউকে যদি নমিনি না রাখেন, তাহলে কী হতে পারে? সেক্ষেত্রে, কোনও কারণে পিএফ অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে, ভবিষ্যতে তাঁর পরিবারের টাকা পেতে বা সেই সংক্রান্ত নানা সমস্যা হতে পারে। সেই কারণেই ইপিএফও-র (EPFO) তরফে বারবার সদস্যদের ই-নমিনেশন (E-Nomination) সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

অনেকেরই ধারণা, নমিনি (PF Nominee) না থাকলে PF-এর টাকা সরকার নিয়ে নেয় বা সেই অর্থ আর পাওয়া যায় না। কিন্তু বাস্তবে বিষয়টি তা নয়। কর্মীর মৃত্যুর পরেও PF-এর টাকা সুরক্ষিত থাকে। তবে নমিনি না থাকলে পরিবারের সদস্যদের টাকা পেতে অতিরিক্ত নথিপত্র জমা দিতে হয় এবং পুরো প্রক্রিয়ায় বেশি সময় লাগে।

নমিনি না থাকলে কারা পাবেন PF-এর টাকা?

EPFO-র নিয়ম অনুযায়ী, কোনও সদস্য নমিনি না দিয়ে থাকলেও তাঁর পরিবারের যোগ্য সদস্য বা আইনত উত্তরাধিকারীরা PF-এর অর্থ দাবি করতে পারেন। তবে তার জন্য প্রয়োজনীয় নথি জমা দিতে হবে এবং যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অর্থ প্রদান করা হবে। সেক্ষেত্রে, মৃত সদস্য পুরুষ হলে তাঁর স্ত্রী, সন্তান, বাবা-মা, বিধবা পুত্রবধূ পিএফ-এর টাকা দাবি করতে পারেন। অন্যদিকে কোনও মহিলা সদস্যের মৃত্যু হলে তাঁর স্বামী, সন্তান, শ্বশুর-শাশুড়ি এবং অন্যান্য যোগ্য নির্ভরশীল ব্যক্তিরা সুবিধা পাওয়ার অধিকারী হতে পারেন।

নমিনি রাখা কেন জরুরি?

PF অ্যাকাউন্টে নমিনি থাকলে টাকা পাওয়ার প্রক্রিয়া অনেক সহজ হয়ে যায়। কিন্তু নমিনি না থাকলে আইনত উত্তরাধিকারী যাচাই এবং নথি পরীক্ষা করতে বেশি সময় লাগে। EPFO স্পষ্ট জানিয়েছে, শুধু নমিনির নাম যোগ করলেই হবে না। ই-নমিনেশন সম্পূর্ণ বলে গণ্য হবে তখনই, যখন তা আধারভিত্তিক ই-সাইনের মাধ্যমে যাচাই করা হবে। ই-সাইন না করা থাকলে নমিনেশন অসম্পূর্ণ বলে বিবেচিত হতে পারে।

কখন আবেদন করতে হবে?

EPFO-র পরামর্শ, কোনও কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবার বা আইনত উত্তরাধিকারীদের যত দ্রুত সম্ভব আবেদন করতে হবে। টাকার দাবি জানাতে হবে। চাকরিরত অবস্থায় কর্মীর মৃত্যু হলে PF অ্যাকাউন্টে নির্দিষ্ট সময় পর্যন্ত সুদও জমা হতে থাকে। তবে দীর্ঘদিন যদি টাকার দাবি না করা হয়, অ্যাকাউন্ট দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকলে ভবিষ্যতে সুদ পাওয়ার ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। তাই সময়মতো দাবি জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মৃত্যুর পর কী কী সুবিধা পাওয়া যায়?

কর্মরত অবস্থায় কোনও কর্মীর মৃত্যু হলে তাঁর নমিনি বা আইনত উত্তরাধিকারীরা একাধিক আর্থিক সুবিধা পাওয়ার অধিকারী হন। এর মধ্যে রয়েছে PF-এর সম্পূর্ণ অর্থ, কর্মচারী পেনশন প্রকল্প (EPS)-এর সুবিধা এবং কর্মচারী ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স (EDLI)-এর বিমা সুবিধা। এই সুবিধাগুলি পাওয়ার জন্য সাধারণত ফর্ম ২০, ফর্ম ১০ডি, ফর্ম ৫১এফ জমা দিতে হয়। কর্মীর বয়স ও চাকরির মেয়াদের ভিত্তিতে দাবি নিষ্পত্তি করা হয়।

ই-নমিনেশন ভবিষ্যতের ঝামেলা কমাতে পারে

আর্থিক বিশেষজ্ঞদের মতে, নমিনি আপডেট করা খুবই গুরুত্বপূর্ণ। সঠিক নমিনি থাকলে PF, পেনশন এবং বিমার অর্থ দ্রুত পরিবারের হাতে পৌঁছে যায়। বর্তমানে EPFO তাদের অনলাইন পোর্টালের মাধ্যমে ই-নমিনেশনের সুবিধা দিচ্ছে। সদস্যরা আধারের সঙ্গে সংযুক্ত UAN ব্যবহার করে বাড়িতে বসেই নমিনির তথ্য আপডেট করতে পারেন। তাই প্রত্যেক PF অ্যাকাউন্টধারীরই নিশ্চিত করা উচিত যে তাঁর নমিনির তথ্য সঠিকভাবে নথিভুক্ত এবং আপডেট রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *