কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে আহত ৩, থমকাল ইন্ডিগোর উড়ান
জানা গিয়েছে, শুক্রবার সকালে ৯টা ৩০ থেকে ৯টা ৪০-এর মধ্যে কলকাতা বিমানবন্দর এলাকায় প্রবল বজ্রপাত হয়। সেই সময়ে বিমানবন্দরের অন্দরে 56L এরোব্রিজের কাছে একটি এমিরেটসের বিমান পুশব্যাক করছিল। বিমানটিকে টেনে নিয়ে যাচ্ছিল যে গাড়ি, তার চালক বাজ পড়ে জখম হন। একই সময়ে ইন্ডিগোর একটি ফ্লাইটে মালপত্র তুলছিলেন দুই গ্রাউন্ড স্টাফ। বাজ পড়ায় তাঁরাও আহত হন। যদিও তাঁদের আঘাত তেমন গুরুতর নয় বলে সূত্রের খবর। বিমানবন্দরেই তাঁদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে বলে জানা গিয়েছে। এখন তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।