CID Search: অভিষেকের নামের সঙ্গে সম্পৃক্ত! কে এই মেয়ে? যাঁর খোঁজে মমতার পাড়ায় হানা CID-র | CID Reaches Mamata Banerjee’s Neighborhood in Search of Abhishek Banerjee’s Cousin Aditi Gayan
কলকাতা: ২৯/D! মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া হরিশ চ্যাটার্জি স্ট্রিটের একটি আবাসন। সেই আবাসনের ফার্স্ট ফ্লোর। বৃহস্পতিবার দুপুর ১.৪৫ মিনিট নাগাদ হঠাৎই সেখানেই হানা দেন সিআইডি আধিকারিকরা। কিন্তু কেন? জানা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্য সংক্রান্ত মামলার তদন্তেই এসেছেন তাঁরা। এই আবাসনে কেন? আসলে ওই বাড়িতেই থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট বোন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছোট পিসি। সেই পিসির মেয়ে অদিতি গায়েনের খোঁজে হানা দিয়েছেন আধিকারিকরা। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পেজ এবং অনলাইন প্রচারের মূল দায়িত্বে। দলীয় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে বক্তৃতা ও প্রচার সংক্রান্ত ডিজিটাল বিষয়গুলো তিনি পরিচালনা করে থাকেন।
নির্বাচনী প্রচার পর্বে ডিজে হুমকি মামলার তদন্তে ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন সিআইডি গোয়েন্দারা। তারপরই বৃহস্পতিবারই অদিতি গায়েনের বাড়িতে সিআইডি। এদিন প্রায় ৮-১০ জন আধিকারিক আসেন, যাঁদের মধ্যে মহিলা আধিকারিকরাও ছিলেন। অদিতির সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় ধরে কথা বলেন। সামাজিক মাধ্যমে প্রচার পর্বে অভিষেকের হয়ে যা যা পোস্ট করতেন, তা নিয়ে আলোচনা হয়। সূত্র মারফত জানা যাচ্ছে, ডিজে মন্তব্য সংক্রান্ত সামাজিক মাধ্যমের পোস্ট কিছু হয়েছিল কিনা, সেটাও জানতে চান তদন্তকারীরা।
তৃণমূলের আইটি সেলের ইনচার্জ উপাসনা চৌধুরী বলেন, “ডিজে মামলাটা কবেকার, এটা নির্বাচনের সময়ে। মন্তব্যটা ভুল যদি হয়েই থাকে, তাহলে নির্বাচনের সময়েই অর্থাৎ যে সময়ে বলা হয়েছিল, তখনই কেন কোনও পদক্ষেপ করা হল না?”