SSC Case: ভুলে ভরা প্রশ্ন! রেজাল্ট বেরনোর পরই SSC-র পরীক্ষা নিয়ে মামলা – Bengali News | SSC Case filed in Calcutta High Court for mistakes in question paper
কলকাতা: গত সেপ্টেম্বর মাসেই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের পরীক্ষা হয়। নভেম্বরের শুরুতেই সেই পরীক্ষার ফল প্রকাশ করেছে কমিশন। নানা জটিলতায় দীর্ঘদিন কোনও পরীক্ষা নেয়নি এসএসসি। আইনি জটে দীর্ঘ সময় আটকে ছিল নিয়োগ। অবশেষে সেই জট কাটিয়ে পরীক্ষা হয়েছে। তাই এই ফলাফল ঘিরে আগ্রহ ছিল দীর্ঘদিনের। ফলাফল বেরলেও ফের মামলা হল সেই পরীক্ষা নিয়েই।
এসএসসি-তে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় গত ১৮ সেপ্টেম্বর। গত ৭ নভেম্বর সেই পরীক্ষা ফল বেরোয়। চাকরিপ্রার্থীদের একাংশের অভিযোগ, সেই পরীক্ষার প্রশ্ন ছিল ভুলে-ভরা। প্রশ্ন ভুলের অভিযোগেই এবার মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করা হয়। মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। একাধিক বিষয়ের প্রশ্নে ভুল ছিল বলে অভিযোগ উঠেছে।
আবেদনকারীর আইনজীবী ফিরদৌস শামিমের অভিযোগ, এডুকেশন বিষয়ে দুটো প্রশ্ন ভুল ছিল। ইতিহাসের একটি প্রশ্ন ভুল ছিল ও ভূগোলের তিনটি প্রশ্ন ভুল ছিল।
শিক্ষক নিয়োগ নিয়ে এ রাজ্যে মামলার শেষ নেই। কখনও টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ, কখনও ওএমআর জালিয়াতির অভিযোগ, আবার কখনও প্রশ্নপত্রে ভুলের অভিযোগ। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক সব স্তরেই এই অভিযোগ উঠেছে, মামলাও হয়েছে। বিচারপতি সিনহার বেঞ্চে উঠেছে এমন একাধিক মামলা। এবার সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগের পরীক্ষা হলেও ফের হল মামলা। আবারও বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে।
উল্লেখ্য, এই চাকরির উপর নির্ভর করছে একাধিক চাকরিহারার ভাগ্য। সুপ্রিম নির্দেশে যে হাজার হাজার শিক্ষকের চাকরি যায়, সেই শিক্ষকরা এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পাশাপাশি নতুন প্রার্থীরাও পরীক্ষা দেন।