‘চাই না পাক–শাসন, শরিফ–মুনির দূর হটো’, গর্জে উঠল পিওকে
এই দু’জন বক্তব্য রাখার সময় থেকেই পাক সরকার ও সেনা-বিরোধী স্লোগানে গর্জে ওঠেন বিক্ষোভকারীরা। তাঁদের সেই ক্ষোভের সুরে সুর মিলিয়ে জেএএসি-র অন্যতম শীর্ষ নেতা খোয়াজা মেহরান বলেন, ‘আমরা প্রাণ দিতে প্রস্তুত। অতএব আমাদের দমন করার চেষ্টা হলে, তা আত্মঘাতী সিদ্ধান্তের সামিল হবে।’ এর পরেই পাক সেনার সর্বাধিনায়ক আসিম মুনিরকে সরাসরি নিশানা করে তিনি বলেন, ‘এই মুহূর্তে আপনার সেনা নিয়ে আমাদের এলাকা ছাড়ুন। কাশ্মীর আপনার সম্পত্তি নয়।’ তিনি আহ্বান জানান, ‘যে সব কাশ্মীরি পাক সরকারের কোনও কাজ বা চাকরি করছেন, তা ছাড়ুন। পুলিশ, সেনা বা সরকারি চাকরি — সব সম্পর্ক ত্যাগ করুন। ইস্তফা দিন, আন্দোলনে যোগ দিন।’
জেএএসি-র নেতারা সমস্বরে স্বাধীনতার আওয়াজ তোলেন মঞ্চ থেকে। সেই সুরে সুর মেলান উপস্থিত জনতা। স্লোগান ওঠে, ‘স্বাধীনতা চাই। দূর হটো শেহবাজ় সরকার। দূর হটো মুনিরের সেনা।’ সর্দার আমন বলেন, ‘শুধু কাগুজে স্বাধীনতা নয়। আমরা চাই নিরঙ্কুশ স্বাধীনতা। আমরাই আমাদের এলাকা নিয়ে শেষ কথা বলব।’