Telegram Banned: আচমকা ভারতে নিষিদ্ধ হয়ে গেল টেলিগ্রাম! বড় পদক্ষেপ কেন্দ্রের | Telegram Temporarily Banned in India Ahead of NEET UG Re Exam 2026, NTA Welcomes Move - 24 Ghanta Bangla News
Home

Telegram Banned: আচমকা ভারতে নিষিদ্ধ হয়ে গেল টেলিগ্রাম! বড় পদক্ষেপ কেন্দ্রের | Telegram Temporarily Banned in India Ahead of NEET UG Re Exam 2026, NTA Welcomes Move

Spread the love

নয়া দিল্লি: বন্ধ হয়ে গেল টেলিগ্রাম (Telegram)। ভারতে ব্যান করে দেওয়া হল এই মেসেজিং প্ল্যাটফর্মকে। তবে, সাময়িকভাবে টেলিগ্রামের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। নিট (NEET-UG) পরীক্ষা নিয়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। নিটের প্রশ্নপত্র ফাঁসের জেরে ৩ মে-র পরীক্ষা বাতিল হয়ে গিয়েছিল। সেই পরীক্ষা হবে ২১ জুন। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত টেলিগ্রামের উপর এই নিষেধাজ্ঞা থাকবে। কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এনটিএ (NTA)। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রতারণা চক্রের দৌরাত্ম্য রুখতেই এই পদক্ষেপ করা হয়েছে।

এনটিএ-র সুপারিশের ভিত্তিতেই টেলিগ্রামে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। এনটিএ-র বিবৃতি অনুযায়ী, কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক ২২ জুন পর্যন্ত ভারতে টেলিগ্রামে অ্যাক্সেস নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, ৩০ জুন পর্যন্ত টেলিগ্রামের মেসেজ এডিট ফিচারও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন নজরে টেলিগ্রাম?

এনটিএ-র অভিযোগ, পরীক্ষার পর টেলিগ্রামের কিছু চ্যানেল ও গ্রুপে পুরনো পোস্ট দিয়ে প্রশ্নপত্র আপলোড করা হচ্ছিল। অভিযোগ, টেলিগ্রামের মাধ্যমেই পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর বিভ্রান্তিকর ‘প্রশ্নপত্র ফাঁস’-এর প্রমাণ তৈরির জন্য মেসেজ এডিটিং-এর অপব্যবহার করা হতো বলে অভিযোগ। এনটিএ (NTA)-র তথ্য অনুযায়ী, চ্যানেলের অ্যাডমিনিস্ট্রেটররা পরীক্ষা শেষের পরেও পুরনো পোস্ট এডিট করতে পারতেন এবং মূল টাইমস্ট্যাম্প বা সময়সূচি অপরিবর্তিত রেখেই পোস্টের অ্যাটাচমেন্ট বদলে (attachment) সেখানে প্রশ্নপত্র যুক্ত করতে পারতেন। এরপর এই ধরনের পোস্টগুলোকে পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার প্রমাণ হিসেবে প্রচার করা হত।

প্রতারণা চক্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

এনটিএ জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C)-এর সাহায্যে টেলিগ্রামে প্রতারণা ও ভুয়ো প্রচারের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। ইতিমধ্যেই একাধিক টেলিগ্রাম চ্যানেল, গ্রুপ এবং বট সরিয়ে দেওয়া হয়েছে,যেগুলি নিট প্রশ্নপত্র দেওয়ার নামে প্রতারণা করছিল।
এছাড়া বিহার পুলিশ পরীক্ষার্থীদের সতর্ক করে জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে। অন্যদিকে, আহমেদাবাদ সাইবার ক্রাইম শাখা একটি আন্তঃরাজ্য প্রতারণা চক্রের সদস্যদের গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

পরীক্ষার্থীদের সতর্কবার্তা

এনটিএ স্পষ্ট জানিয়েছে, এবার নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের কোনও সুযোগই নেই। তাই সোশ্যাল মিডিয়া বা মেসেজিং প্ল্যাটফর্মে প্রশ্ন ফাঁস নিয়ে যে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, তাতে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে। সংস্থার দাবি, কিছু টেলিগ্রাম চ্যানেল রি-নিট পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার নামে কয়েক হাজার থেকে কয়েক লক্ষ টাকা পর্যন্ত দাবি করছিল। এই ধরনের সমস্ত প্রস্তাবই ভুয়ো বলে দাবি করেছে এনটিএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *