বাংলার স্নো লেপার্ডে জঙ্গল ভরাবে সিকিম
শিলাদিত্য সাহা
বন্যপ্রাণ সংরক্ষণে দেশে নতুন অধ্যায় লিখতে চলেছে পশ্চিমবঙ্গ। এবং যে প্রাণীকে নিয়ে এই অধ্যায়ের ভবিষ্যৎ দেখা হচ্ছে, তা বাংলার জঙ্গলে পাওয়াই যায় না। স্নো লেপার্ড! এককালে দার্জিলিংয়ের উপরে হিমালয়ের উচ্চ পার্বত্য এলাকায় তাদের দেখা মিলত ঠিকই, তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই বাসা থেকে কার্যত অবলুপ্ত হয়ে গিয়েছে তারা। অথচ এ বার বাংলার স্নো লেপার্ডদের নিয়েই আশার আলো দেখছে পড়শি রাজ্য সিকিম— যেখানকার হাই অল্টিটিউড জঙ্গলকে এই প্রাণীর প্রিয় বাসস্থান হিসেবে ধরা হয়। মজার কথা, যে স্নো লেপার্ডদের ঘিরে এই কর্মকাণ্ড, তারা কোনওদিন মুক্ত জঙ্গল দেখেনি!