Bankura: বিজেপি কর্মীর বাড়িতে চড়াও, মারধর, মহিলার শ্লীলতাহানি, গ্রেফতার TMC নেতা | One TMC leader Arrested In Bankura West bengal
বাঁকুড়া: গ্রেফতার হলেন তৃণমূলের ইন্দপুর ব্লকের সভাপতি তথা তৃণমূলের দাপুটে নেতা রেজাউল খান। সম্প্রতি ইন্দপুর ব্লকের খরপাথর গ্রামের বাসিন্দা আব্দুল রসিদ মণ্ডল নামে এক জনৈক ব্য়ক্তি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন রেজাউলের বিরুদ্ধে। এরপর বাড়িতে চড়াও হয়ে মারধর, ভাঙচুর, পরিবারের মহিলাদের শ্লীলতাহানি ও আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই ইন্দপুর থানার পুলিশ রেজাউল খানকে গ্রেফতার করে। আজ ধৃতকে বাঁকুড়ার খাতড়া মহকুমা আদালতে পেশ করা হয়।
রাজ্যে পালাবদলের পর থেকেই বাঁকুড়া জেলায় বিভিন্ন অভিযোগে একের পর এক তৃণমূল নেতা গ্রেফতারের ঘটনা ঘটছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন তৃণমূলের বাঁকুড়ার অন্যতম দাপুটে নেতা তথা তৃণমূলের ইন্দপুর ব্লকের সভাপতি রেজাউল খান।গ্রামের বাসিন্দা আব্দুল রসিদ মণ্ডল জানান, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ব্লক সভাপতি রেজাউলের বিরুদ্ধে থাকা একাধিক দূর্নীতির অভিযোগে তিনি সরব হয়েছিলেন। আর তাতেই তৃণমূলের দাপুটে ওই নেতার রোষানলে পড়তে হয় তাঁকে।
তাঁর আরও দাবি, নির্বাচনের আগে বেশ কয়েকজন দুষ্কৃতীকে নিয়ে গিয়ে তাঁর বাড়িতে হামলা চালান রেজাউল খান। বাড়িতে ব্যপক ভাঙচুর চালানোর পাশাপাশি আব্দুলের রসিদের স্ত্রীর শ্লীলতাহানি করা হয় অভিযোগ। আগ্নেয়াস্ত্রের মুখে পরিবারশুদ্ধ তাঁদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। লিখিত অভিযোগ পেতেই গতকাল রাতে রেজাউল খানকে গ্রেফতার করে ইন্দপুর থানার পুলিশ। আজ ধৃতকে খাতড়া মহকুমা আদালতে পেশ করে পুলিশ।