পায়ে নূপুর পরা কি আদৌ শুভ? কী প্রভাব পড়ে জীবনে? জ্যোতিষশাস্ত্র বলছে… - 24 Ghanta Bangla News
Home

পায়ে নূপুর পরা কি আদৌ শুভ? কী প্রভাব পড়ে জীবনে? জ্যোতিষশাস্ত্র বলছে…

Spread the love

ভারতীয় সংস্কৃতিতে নূপুর শুধু একটি অলঙ্কার নয়, সৌভাগ্য, নারীত্ব এবং শুভ শক্তির প্রতীক হিসেবেও বিবেচনা করা হয়। যুগ যুগ ধরে বিবাহিত ও অবিবাহিত নারীরা পায়ে নূপুর পরে আসছেন। এমনকি হিন্দুদের আরাধ্য দেবীদের পায়েও থাকে নূপুর। শুধু তাই নয়, অশুভ শক্তির প্রতিনিধিত্ব করা নারীদের পায়েও দেখা যায় নূপুর। তবে জ্যোতিষশাস্ত্র কী বলছে? মহিলাদের নূপুর পরা কি সত্যিই শুভ?

রুপোর নূপুর আর চাঁদের যোগ

এই বিষয়ে নানা মত ও বিশ্বাস প্রচলিত রয়েছে। জ্যোতিষশাস্ত্রে রুপোকে চাঁদের ধাতু বলা হয়। চাঁদ মানুষের মন, আবেগ ও মানসিক স্থিতির কারক গ্রহ। তাই পায়ে রুপোর নূপুর পরলে চাঁদের শুভ প্রভাব বৃদ্ধি পায় বলেই মনে করা হয়। যাঁদের কোষ্ঠীতে চাঁদ দুর্বল অবস্থানে থাকে বা চন্দ্রদোষ রয়েছে, তাঁদের জন্য রুপোর নূপুর পরা বিশেষ উপকারী বলে মনে করা হয়। এর ফলে মানসিক অস্থিরতা কমে এবং মন শান্ত থাকে বলে প্রচলিত বিশ্বাস।

নেতিবাচক শক্তি দূর করে

জ্যোতিষীদের একাংশের মতে, রুপোর নূপুর নেতিবাচক শক্তি দূর করতেও সাহায্য করে। নূপুরের ঝংকার বা টুংটাং শব্দ ঘরের পরিবেশে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটায় এবং অশুভ প্রভাব থেকে সুরক্ষা দেয় বলে মনে করা হয়। সেই কারণেই বহু পরিবারে এখনও নূপুরকে শুভ অলঙ্কার হিসেবে গুরুত্ব দেওয়া হয়।

আর্থিক সমৃদ্ধি এবং নূপুর

আর্থিক সমৃদ্ধির সঙ্গেও নূপুরের সম্পর্ক রয়েছে বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ পাওয়া যায়। বিশ্বাস করা হয়, রুপোর নূপুর পরলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়, সংসারের অর্থনৈতিক স্থিতি বজায় থাকে। বিশেষ করে নূপুরে থাকা ছোট ঝুমঝুমির শব্দ শুভ শক্তিকে আকর্ষণ করে বলেই লোকবিশ্বাস।

দাম্পত্য়ে জীবনে নূপুরের প্রভাব

দাম্পত্য জীবনের ক্ষেত্রেও নূপুরকে শুভ মনে করা হয়। বিবাহিত নারীদের পায়ে নূপুর থাকলে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও মাধুর্য বৃদ্ধি পায় বলে বিশ্বাস। তাই বহু জায়গায় আজও বিয়ের সময় কনেকে নূপুর উপহার দেওয়ার রীতি প্রচলিত রয়েছে।

কখন নূপুর পরা অশুভ?

জ্যোতিষশাস্ত্রে একটি বিষয় বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে— পায়ে কখনও সোনার নূপুর পরা উচিত নয়। কারণ সোনা দেবী লক্ষ্মীর প্রতীক বলে বিবেচিত হয়। পায়ে সোনা ধারণ করলে দেবী লক্ষ্মীর অসম্মান করা হয় বলে মনে করা হয়। জীবনে তার অশুভ ফল পড়তে পারে, তাই ভুলেও সোনার নূপুর পরবেন না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *