শহর থেকে সরবে খড়্গপুরের পেঁয়াজপট্টি, আশায় ব্যবসায়ীরা
ব্যবসায়ীরা জানাচ্ছেন, আগে এত মানুষজন ছিল না। ফলে সমস্যা হতো না। পেঁয়াজের ব্যবসা করতে হলে পেঁয়াজকে বাতাস খাওয়াতে হয়। নাহলে পচে যায়। কিন্তু সঙ্কীর্ণ পরিসরে তা করা যায় না। জাভেদ জানান, তাঁরা শুধু সরকারের কাছ থেকে ১০ একর জমি চেয়েছিলেন। তাঁর কথায়, ‘সেই জমিও আমরা কিনে নেব বলেছিলাম। তাতে শুধু আমাদের ব্যবসা বৃদ্ধি হবে এমন নয়, প্রায় এক হাজার মানুষের কর্মসংস্থানও হবে।’ ব্যবসায়ীরা জানাচ্ছেন, প্রশাসনের পক্ষ থেকে তিনটি জমির কথা বলা হয়েছিল। একটি খড়গপুর শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে বিদ্যাসাগর শিল্পতালুক, দ্বিতীয়টি সাত কিলোমিটার দূরে ঘোলাগেড়ি আর তৃতীয়টি নয় কিলোমিটার দূরে সমুদ্রপুর মৌজায়। ব্যবসায়ীরা বিদ্যাসাগর শিল্পতালুকের জমি পছন্দ বলে জানান। সেই মতো ওয়েস্টবেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনে লিখিত আবেদনও করা হয়। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এ বার সরকার বদলের পরে আশার আলো দেখছেন ব্যবসায়ীরা।