West Bengal Cabinet Portfolios: শুভেন্দুর মন্ত্রিসভায় কে কোন দায়িত্ব পেতে পারেন? সামনে এল মন্ত্রীদের সম্ভাব্য দফতর | West Bengal Cabinet Portfolios: Who May Get Which Ministry in Suvendu Adhikari’s Government?
১ জুন শপথ নিয়েছেন মন্ত্রীরা (ফাইল ফোটো)
কলকাতা: তাঁরা শপথ নিয়েছেন গত ১ জুন। তবে এখনও নির্দিষ্ট কোনও দফতরের দায়িত্ব পাননি। কবে শুভেন্দুর মন্ত্রিসভায় দফতর বণ্টন হবে, তা নিয়ে চলছে জল্পনা। এরই মধ্যে সূত্র মারফত কয়েকটি দফতরের সম্ভাব্য মন্ত্রীদের নাম সামনে এল। অর্থ, বাণিজ্য, স্বাস্থ্য ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ দফতরগুলির মন্ত্রী কারা হতে পারেন, সেই সম্ভাবনার তালিকা পেল টিভি৯ বাংলা।
গত ১ জুন লোকভবনে মন্ত্রী হিসেবে শপথ নেন ৩৫ জন। তার মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন ১৩ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৩ জন। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ১৯ জন।
কে কোন দফতরের মন্ত্রী হতে পারেন?
অর্থ, বাণিজ্য, স্বাস্থ্য, উচ্চশিক্ষা ও স্কুলশিক্ষার মতো গুরুত্বপূর্ণ দফতরগুলি সম্ভাব্য মন্ত্রীদের নাম সামনে আসছে। সূত্রের খবর, অর্থ দফতর পেতে পারেন রাসবিহারীর বিধায়ক স্বপন দাশগুপ্ত। মানিকতলার বর্ষীয়ান বিধায়ক তাপস রায়কে বাণিজ্য দফতরের দায়িত্ব দিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় উচ্চশিক্ষা দফতরের দায়িত্ব পেতে পারেন। তার সঙ্গে টেকনিক্যাল শিক্ষা দফতরও থাকতে পারেন জগন্নাথের হাতে। স্কুল শিক্ষা দফতরের দায়িত্ব পেতে পারেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ। স্বাস্থ্য দফতরের দায়িত্ব পেতে পারেন বিধাননগরের বিধায়ক চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায়।
এই দফতরগুলি ছাড়াও আরও একাধিক দফতরের সম্ভাব্য মন্ত্রীদের নাম সামনে আসছে। নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং পরিবহণ দফতরের দায়িত্ব পেতে পারেন। একইসঙ্গে শ্রম দফতরও তাঁর হাতে থাকতে পারে। কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাওঁ পেতে পারেন পরিবেশ ও বন দফতরের দায়িত্ব। ময়ূরেশ্বরের বিধায়ক দুধকুমার মণ্ডল কৃষি দফতরের দায়িত্ব পেতে পারেন। আর শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ পেতে পারেন পর্যটন দফতর।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায় নারী শিশু কল্যাণ, স্বনির্ভর গোষ্ঠী দফতরের দায়িত্ব পেতে পারেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র দফতরের পাশাপাশি আইন দফতরও নিজের হাতে রাখতে পারেন। এখন দেখার, ৩৫ জন মন্ত্রীর কবে দফতর বণ্টন হয়।