Medinipur: বিজেপির গ্রাম পঞ্চায়েতে বুথের দায়িত্বে তৃণমূল! নির্জলা গ্রাম – Bengali News | Medinipur Water problem, villagers show agitation in Medinipur
মেদিনীপুরে জলের সমস্যা Image Credit source: TV9 Bangla
ঘাটাল: বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত, আর বুথে জিতেছে তৃণমূল। সেই কারণেই তৃণমূলের জেতা বুথে পানীয় জল বন্ধের অভিযোগ উঠল বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে! দ্রুত পানীয় জলের দাবিতে সজলধারা পাম্প হাউজ়ে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের কুরান গ্রামে। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘ ১০ দিন ধরে গ্রামে নেই পানীয় জল। পঞ্চায়েত প্রধানকে লিখিতভাবে জানালেও কোনওরকম কর্ণপাত করেননি তিনি।
গ্রামবাসীদের একাংশের অভিযোগ, এই বুথে তৃণমূল জিতেছে, তাই হয়তো বিজেপি পরিচালিত বোর্ড জল দিচ্ছে না। এমনই অভিযোগ তুললে ওই বুথের তৃণমূলের টিকিটে জয়ী পঞ্চায়েত সদস্য তনুশ্রী ঘাঁটি সহ এলাকার মানুষজন। সকলেই দাবি তুলেছেন, দ্রুত পানীয় জলের ব্যবস্থা করুক গ্রাম পঞ্চায়েত। তৃণমূল পঞ্চায়েত সদস্য বলেন, “এর আগে প্রধানকে জানিয়েছিলাম। প্রধান নির্বিকার ছিল। আমাদের অঞ্চল সভাপতি বলেছিলেন ইলেক্ট্রিক বিল মিটিয়ে দেওয়ার জন্য। আমাদের মনে হয় এর পিছনে অভিসন্ধী রয়েছে।”
যদিও এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান কৌশিক জানার দাবি, প্রায় দু’লক্ষ টাকার মতো বিদ্যুৎ বিল বাকি রয়েছে, বেশ কয়েক বছরের, কারণ দীর্ঘদিন এই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে ছিল। মিথ্যে অভিযোগ করা হচ্ছে।