বঙ্গে রেলের কাজে গতি বাড়াতে নয়া টাস্ক ফোর্স, নেতৃত্বে মুখ্যসচিব - 24 Ghanta Bangla News
Home

বঙ্গে রেলের কাজে গতি বাড়াতে নয়া টাস্ক ফোর্স, নেতৃত্বে মুখ্যসচিব

Spread the love

এই সময়: রাজ্যের বিভিন্ন প্রস্তাবিত ও নির্মীয়মাণ রেল প্রকল্পের কাজে গতি আনতে মুখ্যসচিব মনোজ আগরওয়ালের নেতৃত্বে ২০ সদস্যের টাস্ক ফোর্স গঠন করা হলো। রেল প্রকল্পের জমি অধিগ্রহণ থেকে প্রশাসনিক অনুমোদন, বিদ্যুৎ সংযোগ, আইনশৃঙ্খলা এবং পরিকাঠামোগত সমস্যা নিয়ে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় গড়ে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে এই টাস্ক ফোর্সকে। কারণ প্রতিবারই অভিযোগ উঠেছে, যে কোনও কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণের গতি মন্থর হয়েছে রাজ্যের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাবে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নবান্নে এসে পশ্চিমবঙ্গে আগামী দিনে প্রায় এক লক্ষ কোটি টাকার প্রকল্পের বার্তা দিয়ে গিয়েছেন। তার পরেই রেল প্রকল্প রূপায়ণ নিয়ে কোনও প্রতিবন্ধকতা রুখতে সতর্ক নবান্ন। প্রশাসনিক কর্তাদের বক্তব্য, চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পে মাত্র ৩৬৬ মিটার অংশের কাজ বছরের পর বছর থমকে গিয়েছিল রাজ্য সরকারের অসহযোগিতায়। সুপ্রিম কোর্ট পর্যন্ত বিষয়টি গড়িয়েছিল। রাজ্যে নতুন সরকার আসতেই মাত্র ৭২ ঘণ্টার মধ্যে তার সমাধান হয়।

এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সে জন্য মুখ্যসচিবকে চেয়ারম্যান করে টাক্স ফোর্সে রাখা হয়েছে স্বরাষ্ট্র, পরিবহণ, ভূমি ও ভূমি সংস্কার এবং পূর্ত দফতরের প্রধান সচিব পদমর্যাদার আধিকারিকের পাশাপাশি অর্থ দপ্তরের আধিকারিক ও পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার,কলকাতা পুরসভার কমিশনার, রাজ্য পুলিশের ডিজি ও আইজিপি, কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার ম্যানেজিং ডিরেক্টরকে।

পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল, উত্তর-পূর্ব সীমান্ত রেল এবং কলকাতা মেট্রো রেল ও রেল বিকাশ নিগমের আধিকারিকরাও থাকছেন সেখানে। টাক্স ফোর্সের প্রধান কাজই হবে রেল প্রকল্প রূপায়ণ নিয়ে কোনও সমস্যা হলে দ্রুত নিষ্পত্তি করা। চালু থাকা ও প্রস্তাবিত রেল প্রকল্পগুলির অগ্রগতি প্রতি সপ্তাহে পর্যালোচনা করা হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *