AI-তে বিলিয়ন ডলার খরচ করছে, তবুও কেন সুবিধা পাচ্ছে না Infosys, TCS-এর মতো আইটি স্টকগুলি?
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নিয়ে বিশ্বজুড়ে উন্মাদনা এখন তুঙ্গে। ওপেনএআই (OpenAI), অ্যানথ্রপিক (Anthropic)-এর মতো সংস্থাগুলির আয় দ্রুত বাড়ছে এবং কর্পোরেট গ্রাহকদের কাছ থেকে বিপুল ব্যবসা পাচ্ছে। কিন্তু সেই একই সময়ে ইনফোসিস (Infosys), টিসিএস (TCS), উইপ্রো (Wipro) বা এইচসিএলটেক (HCLTech)-এর মতো ভারতীয় IT পরিষেবা সংস্থাগুলির শেয়ার কেন প্রত্যাশিত গতি পাচ্ছে না? এই প্রশ্নই তুলেছেন প্রবীণ বিনিয়োগকারী ও Helios Capital-এর প্রতিষ্ঠাতা সমীর অরোরা।
বুধবারের ট্রেডিং সেশনে দেশের তথ্যপ্রযুক্তি সংস্থার স্টকগুলিতেও ব্যাপক ধস নেমেছে। নিফটি আইটি সেক্টরাল ইনডেক্স সাড়ে ৫ শতাংশের বেশি ডাউন রয়েছে।
এখানেই সবচেয়ে বড় অসঙ্গতি রয়েছে। IT পরিষেবা সংস্থাগুলি দীর্ঘদিন ধরে বলে আসছে যে AI বাস্তবায়ন একটি জটিল প্রক্রিয়া এবং সংস্থাগুলির AI রূপান্তরের জন্য তাদের সাহায্য প্রয়োজন। কিন্তু বাস্তবে যদি তা-ই হয়, তাহলে OpenAI ও Anthropic কী ভাবে ইতিমধ্যেই এন্টারপ্রাইজ় গ্রাহকদের থেকে বিলিয়ন ডলারের ব্যবসা করে ফেলল? এই প্রশ্ন তুলেছেন সমীর অরোরা।
অরোরা জানিয়েছেন, Anthropic-এর বার্ষিক রাজস্বের গতি ইতিমধ্যেই প্রায় ৫০ বিলিয়ন ডলারের সমতুল্য, আর OpenAI-র ক্ষেত্রে সেই অঙ্ক প্রায় ৩০ বিলিয়ন ডলারের কাছাকাছি। তাঁর দাবি, এই আয়ের বড় অংশই আসছে কর্পোরেট বা এন্টারপ্রাইজ গ্রাহকদের কাছ থেকে।
এক্স-এ করা একটি পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘IT পরিষেবা সংস্থাগুলি বলছে AI implementation project-এর জন্য সময় লাগবে এবং তারাই এই রূপান্তরের সেতুবন্ধন। কিন্তু যদি তা-ই হয়, তাহলে সংস্থাগুলি ইতিমধ্যেই AI মডেলগুলির পিছনে এত বিপুল অর্থ ব্যয় করতে স্বচ্ছন্দ হল কী ভাবে?’
অরোরার আরও বক্তব্য, AI এখনও বিকাশের পর্যায়ে রয়েছে। নতুন নতুন ব্যবহার খুঁজে পাওয়া যাচ্ছে। যুক্তি অনুযায়ী এই সময়েই সবচেয়ে বেশি বাইরের সহায়তার প্রয়োজন হওয়ার কথা। কিন্তু বাস্তবে সংস্থাগুলি সম্ভবত নিজেদের উদ্যোগেই AI টুল ব্যবহার শুরু করেছে। তিনি বলেন, ‘হয়তো IT পরিষেবা সংস্থাগুলি যতটা সাহায্যের প্রয়োজন হবে বলে মনে করছে, বাস্তবে ততটা প্রয়োজন হচ্ছে না।’
তবে অরোরা কোনও চূড়ান্ত সিদ্ধান্ত টানেননি। বরং তিনি বাজারের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন— AI যুগে সবচেয়ে বড় বিজয়ী কারা হবে? AI মডেল নির্মাতা সংস্থাগুলি, নাকি সেই IT পরিষেবা সংস্থাগুলি যারা AI বাস্তবায়নের দাবি করছে?
এই প্রশ্নের উত্তরই আগামী দিনে Infosys, TCS-সহ ভারতীয় IT স্টকগুলির ভবিষ্যৎ মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন বাজার পর্যবেক্ষকরা।