India Post Viral Melody Campaign: এবার স্পিড পোস্টে প্রেমিকাকে মেলোডি খাওয়ান! | India Post West Bengal circle taps into the trending Melody chocolate meme to creatively promote its 24 hour Speed Post service
কলকাতা: যুগ বদলেছে, আর তার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের একেবারে অন্য ছন্দে মেলে ধরছে ভারতীয় ডাক বিভাগ (India Post)। পুরোনো চেনা সরকারি ভাবমূর্তি ঝেড়ে ফেলে এবার একেবারে তরুণ প্রজন্মের মনের ভাষা বুঝে সমাজমাধ্যমে ছক্কা হাঁকাল ‘ইন্ডিয়া পোস্ট’-এর পশ্চিমবঙ্গ সার্কেল। সৌজন্যে ফেসবুকে অত্যন্ত মজাদার ও সৃজনশীল বিজ্ঞাপন। মূল আকর্ষণ জনপ্রিয় চকোলেট ‘মেলোডি’ (Melody)!
‘মেলোডি এত চকোলেটি কেন?’ এই নস্টালজিক ট্যাগলাইনকে হাতিয়ার করে নিজেদের ‘স্পিড পোস্ট’ (Speed Post) পরিষেবার প্রচার বাড়াতে এক অভিনব পোস্ট শেয়ার করেছে ডাক বিভাগ। তবে বিজ্ঞাপনের আসল মোচড় বা ‘টুইস্ট’ লুকিয়ে রয়েছে সাম্প্রতিক ইন্টারনেট ট্রেন্ডে। ওয়াকিবহাল মহলের মতে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ, চকোলেট উপহার দেওয়া ঘিরে নেটদুনিয়ায় যে ‘মেলোডি’ মিমের বন্যা বয়ে গিয়েছে, তাকেই অত্যন্ত চতুরতার সঙ্গে, হালকা ছলে ছুঁয়ে গিয়েছে এই বিজ্ঞাপন।
বাংলায় একটা কার্ড তৈরি করে তা তো পোস্ট করাই হয়েছে। সঙ্গে ক্যাপশনে ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেলের তরফে ক্যাপশনে লিখছে, ‘মেলোডি এতো চকোলেটি কেন? এই চিরপরিচিত প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যদি হঠাৎ জিভে জল আসে, তবে আর অপেক্ষা কীসের? ২৪ স্পিড পোস্টের সুপারফাস্ট সার্ভিসের মাধ্যমে আপনার প্রিয় চকোলেট এখন সোজা পৌঁছে যাবে আপনার বা আপনার প্রিয়জনের দোরগোড়ায়, গ্যারান্টি সহকারে ২৪ ঘণ্টার মধ্যে!’
পোস্টটি আপলোড হওয়ার পর থেকেই লাইক, কমেন্ট আর শেয়ারের বন্যা বয়ে গিয়েছে। নেটিজেনদের একাংশ ডাকবিভাগের এমন রসবোধ এবং আধুনিক বিপণন কৌশলের প্রশংসায় পঞ্চমুখ। সেখানে কমেন্ট সেকশনেও রীতিমতো ঝড় উঠেছে।