তৃণমূলের সোনম অফিসার হলে জিতবে আদমা, প্রার্থনা গ্রামবাসীর
অনেকে প্রতিবেশীদের মারের ভয়ে ঘরছাড়া। এই আবহে ব্যতিক্রমী ডুয়ার্সের সোনম জাংমো ডুকপা। তিনি তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান। তাঁর বিরুদ্ধে বিক্ষোভ তো ছাড়, একফোটা কটুকথাও কেউ বলছেন না। উল্টে তাঁর জন্য ঘরে ঘরে প্রার্থনার সুর। প্রত্যেকে চাইছেন, তিনি যেন জীবনে সফল হন। বিজেপি, বাম, কংগ্রেস কিংবা তৃণমূল- সোনম এসবের ঊর্ধ্বে। তিনি গ্রামবাসীদের কাছে ‘আমাদের মেয়ে’। এখানে ‘দল যার যার, গ্রাম সবার’ নীতি অনুসরণ করে চলেন বাসিন্দারা। যে যে দলই করুক, গ্রামের উন্নয়নই মূল কথা। তাই সগর্বে জনপ্রতিনিধি হিসেবে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন সোনম।