এ বার আরজি করে মদ্যপানের আসর, বিতর্কের কেন্দ্রে সেই ইমার্জেন্সি বিভাগ - 24 Ghanta Bangla News
Home

এ বার আরজি করে মদ্যপানের আসর, বিতর্কের কেন্দ্রে সেই ইমার্জেন্সি বিভাগ

Spread the love

এই সময়: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের উপরে ক্যাজ়ুয়াল্টি ভবনের পাঁচতলার একটি ঘর। আলমারির ফাঁকে কাঠের টুলে বসে রয়েছেন হাসপাতালের এক কর্মী। সামনে রঙিন পানীয় ভরা প্লাস্টিকের গ্লাস, পাশে বিরিয়ানির প্যাকেট। ঘরের ভিতরেই চলছে মদের আড্ডা ও পার্টি।

শুক্রবার সেই ভিডিয়ো (যার সত্যতা যাচাই করেনি ‘এই সময়’) ভাইরাল হতেই ফের বিতর্কের কেন্দ্রে সেই আরজি করের ইমার্জেন্সি বিভাগ ভবন। যে ভবনে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে খুন–ধর্ষণের শিকার হতে হয়েছিল ২০২৪–এর ৯ অগস্ট। সেই একই বিল্ডিংয়ে এ বার কর্তব্যরত অবস্থায় হাসপাতাল কর্মীদের ‘মদ্যপান ও বিরিয়ানি পার্টি’র অভিযোগে নতুন করে প্রশ্ন উঠেছে। হাসপাতাল সূত্রের খবর, জরুরি বিভাগের পাঁচতলায় অস্থিশল্য বিভাগের একটি ঘরেই ওই পার্টির আয়োজন করা হয়েছিল। ভিডিয়োয় যাঁকে দেখা যাচ্ছে, তিনি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মীদের সুপারভাইজ়ার রঞ্জিত গোঁসাই। বর্তমানে তিনি ফেসিলিটি ম্যানেজারের দায়িত্বে রয়েছেন। ভিডিয়োয় তাঁকে কয়েক জন পরিচিতের সঙ্গে বসে নেশা করতে এবং পরে বিরিয়ানি খেতে দেখা গিয়েছে বলে অভিযোগ। ওই ভিডিয়োতেই রঞ্জিত নিজেকে তৃণমূলের এক প্রভাবশালী মন্ত্রীর ঘনিষ্ঠ বলেও পরিচয় দিচ্ছেন, এমনটাও সাফ দেখা যাচ্ছে ভিডিয়োয়।

আরজি করের মেডিক্যাল সুপার তথা উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায় বলেন, ‘ঘটনাটি কয়েক বছরের পুরোনো বলে দাবি করছেন ওই কর্মী। তবে বিষয়টি জানার পরেই তাঁকে ফেসিলিটি ম্যানেজার পদ থেকে সরিয়ে ইউরোলজি বিভাগে চতুর্থ শ্রেণির কর্মীর কাজে বদলি করা হয়েছে।’

অভিযুক্ত রঞ্জিত গোঁসাই বলেন, ‘আমার জন্মদিনের পার্টি ছিল। তবে হাতে থাকা প্লাস্টিকের গ্লাসে কী ছিল, আর কোথায় ওই পার্টি হয়েছিল, সেটা আর মনে নেই।’ পাশাপাশি তাঁর আরও দাবি, ‘আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি হাসপাতালের উপাধ্যক্ষের কাছে অভিযোগ করব।’ অভিযোগ, তৃণমূল ঘনিষ্ঠ ওই কর্মী কয়েক দিন আগে স্থানীয় বিধায়ক রীতেশ তিওয়ারি হাসপাতালের রোগীকল্যাণ সমিতির বৈঠকে যোগ দিতে এলে তাঁর সঙ্গে ছবিও তোলেন।

রীতেশের অবশ্য বক্তব্য, ‘এখন অনেকেই বিজেপি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবেন। আমার সঙ্গে ছবি তুলেছেন বলে উনি পার পেয়ে যাবেন, এমনটা যাতে না হয়, তা নিশ্চিত করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে।’ বেহালা পশ্চিমের চিকিৎসক-বিধায়ক ইন্দ্রনীল খাঁ এ দিন বণিকসভার একটি অনুষ্ঠানে গিয়ে বলেন, ‘দীর্ঘদিন ধরেই তৃণমূলের প্রশ্রয়ে হাসপাতালগুলিতে নেশার আসর, সিন্ডিকেট, দালালরাজ চলেছে। এগুলি বরদাস্ত না করার জন্য মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *