Kolkata Kalbaisakhi Havoc: গাছের ডাল ভেঙে পড়ে রেলের ওভারহেডের তারে, দাউ দাউ করে জ্বলে আগুন! প্রিন্সেপ ঘাটে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু | Kolkata Kalbaisakhi Havoc: One Killed at Prinsep Ghat as Storm Hits 88 Kmph
প্রিন্সেপ ঘাটে মৃত্যুImage Credit: TV9 Bangla
কলকাতা: শহরে কালবৈশাখীর তাণ্ডব। ২ মিনিট প্রায় ৮৮ কিমি/ঘণ্টায় চলেছে ঝড়ের তাণ্ডব। শহরের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে। তারই মধ্যে প্রিন্সেপ ঘাটে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। প্রিন্সেপ ঘাটে গাছ পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। চক্ররেলের ওভারহেডের ওপর গাছ পড়ে আগুন লেগে যায়।
প্রিন্সেপ ঘাটে রেললাইনের ধারে একটি আম গাছ ছিল। জানা যাচ্ছে, ওই ব্যক্তি ঝড়ের মধ্যে গাছের নীচে আম কুড়োতে গিয়েছিলেন। সেই সময়েই গাছ ডাল ভেঙে পড়ে, মাথায় গুরুতর চোট লাগে তাঁর। সেই ডাল গিয়ে ওভারহেডের তারের ওপর পড়ে আগুনও ধরে যায়। পরে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
সকাল থেকেই কলকাতা, শহরতলি এলাকায় মেঘলা আকাশ ছিল। দুপুরের পর থেকে পুরো অন্ধকার করে আসে আকাশ। বেলা দুটোর কিছু পর থেকে শুরু হয় দমকা বাতাস। সঙ্গে বৃষ্টি। সময়ের সঙ্গে সঙ্গে ঝড়ের দাপট বাড়তে থাকে। ২ মিনিট ধরে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড় হয়। সল্টলেক-সহ কলকাতায় একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে। তুমুল বৃষ্টিতে একাধিক রাস্তায় জলও জমে যায়।