Baduria: পাটখেতে তৃণমূলের গুপ্তধন! তৃণমূল নেতার দেখানো জায়গায় মাটি খুঁড়ে চক্ষু চড়কগাছ শুভেন্দু-পুলিশের | Crores Recovered From Jute Field in Baduria: Police Raid Linked to TMC Municipality Chairman
বাদুড়িয়ায় পাটক্ষেতে উদ্ধার কোটি কোটি টাকাImage Credit: TV9 Bangla
উত্তর ২৪ পরগনা: পাটক্ষেতে তল্লাশি পুলিশের। তৃণমূল পুরপ্রধানের দেখানো এলাকায় মাটি খুঁড়তেই রীতিমতো চোখ ধাঁধিয়ে যায় পুলিশের। বস্তাভর্তি কোটি কোটি টাকা উদ্ধার। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। মঙ্গলবার বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের গ্রেফতার হওয়ার পর ৮০ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ।
দীপঙ্করের কম্পিউটার সেন্টার থেকে ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়। তাঁকে নিয়ে পুনঃনির্মাণ করতে যায় পুলিশ বাদুড়িয়ার পুরএলাকায়। তাঁকে জেরায় জানা যায়, মাটির তলায় পাট ক্ষেতে টাকা পোঁতা রয়েছে। বাদুড়িয়া থানার পুলিশ গিয়ে মাটি খোঁড়ে। আর তাতেই উদ্ধার হয় বস্তা বস্তা টাকা। অনুমান করা হচ্ছে, বাজেয়াপ্ত হওয়া টাকা কোটি ছাড়িয়ে যেতে পারে।
বুধবার সকালে দীপঙ্করের বাড়ির পাশে পাটক্ষেতে যান চাষিরা। তাঁরা দেখতে পান, মাটির তলায় কিছু একটা পোঁতা রয়েছে। সেটা তাঁরা থানায় খবর দেন। পুলিশ সে সময়ে দীপঙ্করকে নিয়েই এলাকায় ঘুরছিল। এবার দীপঙ্করকে নিয়েই সেই জায়গায় পৌঁছয় পুলিশ। মাটি খুঁড়ে বার করা হয় একাধিক বস্তা, সুটকেস, সেগুলি টাকা ভর্তি।
এলাকার বাসিন্দা বলেন, “সাধারণ মানুষের যদি কোনও চিঠি বা নোটিসের প্রয়োজন থাকত, চেয়ারম্যানকে আগে দিত হত টাকা। এটাই চেয়ারম্যানের মেন উদ্দেশ্য। ৫ হাজার, ১০ হাজার ১৫ হাজার টাকা পর্যন্তও নিয়েছে। চেয়ারম্যান এখন বাঁচতে মাটিতে পুঁতে গিয়েছে। ট্রলি ভর্তি সোনাও রয়েছে দেখলাম।”
বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, “পাটক্ষেতে টাকার গাছ পুঁতেছিল তৃণমূল। এখন বীজ উপড়ে এনেছিল পুলিশ। ওই টুকু এলাকায় যদি এত কোটি কোটি টাকা কামিয়ে থাকে, তাহলে ভাবতে হবে, কত কত টাকা কামিয়েছে! এখন সব রিজাইন করছে, ভাবছে পদত্যাগ করলেই সাত খুন মাফ!”