Amit Shah: বাংলায় শাহের 3D অস্ত্র, এবার সীমান্ত সুরক্ষায় জোর দিতে রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী | Amit Shah to visit Bengal Border Areas in 15 June
কলকাতা ও নয়া দিল্লি: অনুপ্রবেশ রুখতে কেন্দ্রের একটাই নীতি। ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট। বাংলাতেও সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) আগেই ঘোষণা করেছিলেন, বাংলায় বিজেপি (Bengal BJP Government) ক্ষমতায় এলেই দেশকে অনুপ্রবেশমুক্ত(Infiltration)করার কাজ শুরু হয়ে যাবে। ইতিমধ্যে তার প্রক্রিয়া চলছে। এবার সীমান্ত সুরক্ষা খতিয়ে দেখতে দেশজুড়ে সফর শুরু করছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত, দেশের সীমান্ত এলাকাগুলি ঘুরে দেখবেন। তাঁর সফর তালিকা রয়েছে পশ্চিমবঙ্গও।
সীমান্ত সফর অমিত শাহের
স্বরাষ্ট্রমন্ত্রক সূত্র খবর, চার রাজ্যে সফর করবেন অমিত শাহ। আজ থেকেই সেই সফর শুরু হচ্ছে। এদিন, রাজস্থানের বিকানের-এ যাবেন তিনি। সীমান্ত এলাকাগুলি ঘুরে দেখবেন। একইসঙ্গে রাজস্থানের সীমান্ত লাগোয়া পাঁচ জেলার ডিএম, এসপি, পুলিশ আধিকারিক, রাজ্য সরকারের শীর্ষ আধিকারিক, বিএসএফ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন।
রাজ্যে সীমান্ত এলাকায় ‘শাহী’ সফর
আগামী মাসেই আসছেন পশ্চিমবঙ্গে। ১৫ জুন রাজ্যে পা দেবেন তিনি। ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের কাজ সরজমিনে খতিয়ে দেখবেন। উল্লেখ্য, বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্য। তারই মধ্যে অমিত শাহের সীমান্ত সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে সীমান্ত এলাকার কোনও একটি বিএসএফ পোস্ট ঘুরে দেখবেন তিনি। এছাড়া, সীমান্ত লাগোয়া জেলার ডিএম, এসপি, পুলিশ আধিকারিক, রাজ্য সরকারের শীর্ষ আধিকারিক, বিএসএফ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে ইতিমধ্যেই স্থানীয় পুলিশ-প্রশাসনের সঙ্গে একযোগে বিএসএফকে কাজ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জনবিন্যাস পরিবর্তন রুখতে অনুপ্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করতে চায় সরকার।