School Uniform: স্কুলের ইউনিফর্মেও দুর্নীতি? গুণগত মান না দেখেই অর্থ বরাদ্দ! রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর | CM Suvendu Adhikari Orders Probe Over Poor Quality school Uniforms - 24 Ghanta Bangla News
Home

School Uniform: স্কুলের ইউনিফর্মেও দুর্নীতি? গুণগত মান না দেখেই অর্থ বরাদ্দ! রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর | CM Suvendu Adhikari Orders Probe Over Poor Quality school Uniforms

Spread the love

কলকাতা: তৃণমূল জমানায় দুর্নীতির অভিযোগের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। চাকরি, শিক্ষা, পুর নিয়োগ থেকে রেশন, আবাস-সহ একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ (Recruitment Scam News) উঠেছে। কিন্তু, স্কুলের ইউনিফর্মেও দুর্নীতি (School Uniform Scam News)? সেরকমই অভিযোগ উঠছে এবার। স্কুলের ইউনিফর্ম নিয়ে অভিযোগের নিয়ে রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল তিনি একটি প্রশাসনিক বৈঠক করেন। সেখানেই, সরকারি স্কুলের ইউনিফর্মে নিম্নমানের কাপড় ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। গুণমান যাচাই ছাড়াই কীভাবে ইউনিফর্ম দেওয়া হল, প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে তদন্তেরও নির্দেশ দিয়েছেন।

ইউনিফর্মের গুণগত মান ও বরাদ্দ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

সোমবার সব দফতরের সচিব পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকেই স্কুলের ইউনিফর্মের গুণগত মান নিয়ে ওঠা অভিযোগ নিয়ে কথা বলেন। প্রশাসনিক সূত্রের খবর, বস্ত্র ও অর্থ দফতরকেও এই নিয়ে তীব্র ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, বৈঠকে শুভেন্দু জানান, আগে যে স্কুল ইউনিফর্মগুলো তৈরি করে দেওয়া হত, সেইগুলোর গুণগত মান কেন ঠিকভাবে যাচাই করা হয়নি। কাকে কোথায়, কীভাবে ইউনিফর্মের বরাদ্দ দেওয়া হত, সেই বিষয়ে তদন্তের নির্দেশও দিয়েছেন শুভেন্দু অধিকারী।

ইউনিফর্ম নিয়ে কী কী অভিযোগ?

স্কুলের যে ইউনিফর্মগুলো তৈরি করা হত, দেখা গিয়েছে সেগুলোর সাইজ নিয়ে সমস্যা হত। কোথাও দেখা যেত কোয়ালিটি বা গুণগত মান খারাপ হত। কিছুদিনের মধ্যে ছিঁড়ে দিত। বারবার এই ধরনের অভিযোগ উঠেছে। শুভেন্দু জানতে চান, কীভাবে সেই বরাত দেওয়া হয়েছিল, আর অর্থ দফতর গুণগত মান যাচাই না করেই কীভাবে অর্থ বরাদ্দ করেছিল, সেই প্রশ্নও তিনি তুলেছেন। এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইউনিফর্মের গুণগত মান যাচাইয়ের পরই অর্থ বরাদ্দ হবে। গোটা ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, বৈঠকে ১০০ দিনের কাজ নিয়েও আলোচনা হয়েছে। কেন্দ্রীয় বরাদ্দ এলে যাতে ১০০ দিনের কাজ তাড়াতাড়ি শুরু করা যায় এবং কাজে গতি আনা যায় সেই নির্দেশ দিয়েছেন। ঘাটার মাস্টার প্ল্যান বাস্তবায়ন নিয়েও কথা হয়। জানা গিয়েছে,ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সেচ দফতরকে কেন্দ্রীয় জনশক্তি মন্ত্রকের সঙ্গে কথা বলতে বলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *