‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এর নিষিদ্ধ দৃশ্যগুলো এবার হাতের মুঠোয়! | The academy of fine arts movie will now be released on an OTT platform
ছ’ ভাগে ভাগ হবে সিনেমাটি। সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের অনুমতি পত্র নিয়ে বাংলার বিভিন্ন সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’। এবার কিন্তু আনসেন্সরড ভার্সান আসছে বাংলার এক নামী ওটিটি প্ল্যাটফর্মে। সেন্সর বোর্ড, এই ছবির কিছু দৃশ্য বাদ দিতে বলেছিল। হিংসার মাত্রা কম করার জন্য কিছু দৃশ্যে কাটছাঁট করতে বলা হয়েছিল। আর অশালীন কিছু শব্দের প্রয়োগে বাধা এসেছিল। যেহেতু ওটিটি প্ল্যাটফর্মে আসছে ছবিটি, তাই এসব কিছু পরিবর্তন হবে না। একেবারে পরিচালক যেমনভাবে গল্প বলতে চেয়েছিলেন, সেই গল্প দেখা যাবে।
ছবিটা তিনবার মুক্তি পেল শহরে। লক্ষণীয় প্রথমে এই ছবির ডিসট্রিবিউটর যারা ছিল, তারা প্রায় শেষ মুহূর্তে সরে দাঁড়ায় ফেডারেশনের সঙ্গে জটিলতার কারণে। ছবির মুক্তির তারিখ পরিবর্তন করতে হয়। অনেক সমস্যা পেরিয়ে, শেষ অবধি মুক্তি পায় ছবি। ছবি মুক্তি পাওয়ার পর দর্শকের একাংশের ভালো লাগে এই ছবি। ছবিতে রুদ্রনীল ঘোষ থাকার কারণে এর আগে নন্দন বা রাধাতে মুক্তি পায়নি ছবিটি, এমন দাবি করেছিলেন পরিচালক। তবে রাজ্যে সরকার বদলের পর সেই জটিলতা কেটেছে। এখন নন্দন-রাধাতে রমরম করে চলছে ছবিটি। এরই মধ্যে ২৯মে ওটিটি-তে আসছে ছবিটা।
বাংলা ছবির স্বত্ব ওটিটি-তে বিক্রি করার কাজটা এখন সহজ নয়। যত ছবি তৈরি হয়, তার ৫০ শতাংশ ছবির স্বত্বও বাংলার কোনও ওটিটি-তে বিক্রি করতে পারছেন না প্রযোজকরা এই মুহূর্তে। সেই নিরিখে একটা ছবিকে এমন ওয়েব সিরিজের আকার দিয়ে ওটিটি-তে দেখানোর ভাবনায় চমক রয়েছে।