আজই পদত্যাগ করতে পারেন ফিরহাদ! জল্পনা তুঙ্গে - 24 Ghanta Bangla News
Home

আজই পদত্যাগ করতে পারেন ফিরহাদ! জল্পনা তুঙ্গে

Spread the love

firhad-hakim-resignation-speculation-kmc-crisis

কলকাতা: কলকাতা পুরসভাকে ঘিরে জোর রাজনৈতিক জল্পনা। মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)কি আজই পদত্যাগ করতে চলেছেন? যদিও সরকারিভাবে এখনও পর্যন্ত কোনও ঘোষণা করা হয়নি, তবুও কলকাতা পুরসভার অন্দরে তৈরি হওয়া নজিরবিহীন প্রশাসনিক টানাপোড়েন এবং রাজনৈতিক অস্বস্তিকে কেন্দ্র করে জল্পনা ক্রমশ তীব্র হচ্ছে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই কলকাতা পুরসভায় একের পর এক ঘটনাকে ঘিরে অস্বস্তির আবহ তৈরি হয়েছে। আর সেই আবহেই শুক্রবার বিকেলে কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা জরুরি বৈঠক ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, সম্প্রতি কলকাতা পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি সম্পত্তিকে ঘিরে ভাঙার নোটিশ পাঠানো হয়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই সিদ্ধান্তের বিষয়ে নাকি মেয়র ফিরহাদ হাকিমকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছিল। পুরসভার মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক সংস্থার প্রধান হয়েও এমন ঘটনার কথা পরে জানতে পেরে তিনি অত্যন্ত অপমানিত এবং অসহায় বোধ করেন বলেই রাজনৈতিক সূত্রের দাবি। এই ঘটনাই বর্তমানে পুর প্রশাসনের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে প্রকাশ্যে এনে দিয়েছে।

আরও দেখুনঃ পাকিস্তান-বাংলাদেশ থেকে হুমকি পাচ্ছেন মোদীকে ঝালমুড়ি খাওয়ানো বিক্রম

এদিকে বিধানসভা নির্বাচনের পর থেকেই কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে এবং মেয়র ফিরহাদ হাকিমের মধ্যে সম্পর্কের অবনতি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে দু’জনের মধ্যে একাধিকবার মতবিরোধ তৈরি হয়েছে বলে খবর। সম্প্রতি পুরসভার সচিবকে আচমকা বদলি করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক এবং মাসিক পুর-অধিবেশন একের পর এক বাতিল হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এসব ঘটনাই ইঙ্গিত দিচ্ছে যে পুর প্রশাসনের ভিতরে গভীর অস্থিরতা তৈরি হয়েছে।

এই পরিস্থিতির মাঝেই বৃহস্পতিবার আচমকা কলকাতা পুরসভার অফিসিয়াল ওয়েবসাইট থেকে মেয়র ফিরহাদ হাকিমের ছবি উধাও হয়ে যায়। যদিও কিছুক্ষণ পরে সেই ছবি ফের ওয়েবসাইটে ফিরিয়ে আনা হয়, কিন্তু ততক্ষণে রাজনৈতিক মহলে শুরু হয়ে যায় জোর গুঞ্জন। অনেকেই মনে করতে শুরু করেন, হয়তো মেয়রের পদত্যাগ এখন সময়ের অপেক্ষা মাত্র। বিরোধী রাজনৈতিক দলগুলিও এই ঘটনাকে হাতিয়ার করে পুর প্রশাসনের অস্থিরতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।

তৃণমূল কংগ্রেস অবশ্য এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি। তবে দলীয় সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার বিকেল ৪টেয় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পুর কাউন্সিলরদের নিয়ে একটি ক্লোজড-ডোর বৈঠক ডেকেছেন। এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সূত্রের দাবি, ফিরহাদ হাকিম ইতিমধ্যেই নিজের পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং আজকের বৈঠকেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, পুর প্রশাসনের এই সংকট শুধুমাত্র প্রশাসনিক নয়, এর পিছনে রয়েছে ক্ষমতার ভারসাম্য ও অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণের প্রশ্নও। কলকাতা পুরসভা দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ফলে সেখানে এই ধরনের অস্থিরতা তৈরি হওয়া দলীয় নেতৃত্বের কাছেও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *