গাছের তলায় ভূরি ভোজ, মাথায় Go-Pro ক্যামেরা বেঁধে…পহেলগামে হামলার আগে জঙ্গিদের কর্মকাণ্ড প্রকাশ্যে
হামলার দিন সকালে বৈসরনে পৌঁছয় জঙ্গিরা। একটা গাছের নীচে বসে পেট পুরে খায়। তার পরে গায়ে মোটা কম্বল জড়িয়ে কিছুক্ষণ জিরিয়ে নেয় সেখানেই। কিছুক্ষণ পরে দুই জঙ্গি উপত্যকা রেইকি করতে যায়। তারা ফিরলে তিন জন নিজেদের মধ্যে আলোচনা করে রওনা দেয় চূড়ান্ত হামলা করতে। বেড়া টপকে পার্কে ঢোকে তারা। এক জঙ্গির মাথায় গো-প্রো ক্যামেরা বাঁধা ছিল।
ঘড়ির কাঁটায় তখন ২টো বেজে ২৩ মিনিট। প্রথম গুলি চালায় এক জঙ্গি। তার হাতে ছিল কারবাইন। কয়েক সেকেন্ডের মধ্যে বাকি দু’জন একে-৪৭ থেকে গুলি চালাতে শুরু করে। হামলার পরে পালানোর সময়েও গাছের আড়ালে লুকিয়ে থাকা তিন পর্যটককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারে। একেবারে শেষে পার্ক থেকে বেরনোর সময়ে শূন্যে গুলি চালিয়েছিল জঙ্গিরা। অনেকটা উল্লাসের ভঙ্গিতে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল তারা।