বিকল শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতীক্ষালয়, তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা যাত্রীদের
বেহাল দশা মেদিনীপুরের রাঙামাটিতে শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতীক্ষালয়। ২০২৩ সালে মেদিনীপুর পুরসভার উদ্যোগে আধুনিক এই প্রতীক্ষালয়টি তৈরি করা হয়েছিল। কিন্তু বহুদিন ধরে খারাপ এখানকার এসি। প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। যার জেরে অত্যন্ত ক্ষুব্ধ নিত্যযাত্রীদের একাংশ।
নিত্যযাত্রীদের অভিযোগ, প্রচণ্ড রোদে গরমে হাঁসফাঁস অবস্থা সকলের। বর্তমানে মেদিনীপুরের তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। এমনিতেই জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ রাস্তায় একদমই বেরোচ্ছেন না। এই পরিস্থিতিতেও প্রতীক্ষালয়ের এসি খারাপ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে বাস যাত্রীদের।
মূলত বাস যাত্রীদের সুবিধার জন্য রাঙামাটিতে তৈরি হয়েছিল ওই যাত্রী প্রতীক্ষালয়। যখন প্রতীক্ষালয়ের এসি কাজ করত, তখন বাসযাত্রী ছাড়াও অন্যান্য লোকজন এসি প্রতীক্ষালয়ে ঢুকে বসে থাকতেন। বিগত বেশ কয়েক মাস ধরে এসি খারাপ হয়ে যাওয়াতে সমস্যায় পড়েছেন বাসযাত্রীরা।
এলাকার বাসিন্দা সুশান্ত ঘোষ বলেন, ‘এসি বেশ কয়েক মাস হলো খারাপ হয়ে গিয়েছে। মেশিন খারাপ হতেই পারে। সেটা ঠিক করা দরকার। কিন্তু পুরসভা এসি সারানোর কোনও উদ্যোগই নিচ্ছে না।’ মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান বলেন, ‘বিষয়টি কানে এসেছে। খুব তাড়াতাড়ি এসি মেশিনটি সারানো হবে।’