‘চারিদিক তখন শান্ত…’, দলাই লামা হাত মাথায় রাখতেই কান্নায় ভেঙে পড়লেন ভূমি
এই মুহূর্তের জন্যই যেন দীর্ঘদিন প্রতীক্ষায় ছিলেন তিনি। দলাই লামার সঙ্গে দেখা হতেই চোখে জল অভিনেত্রী ভূমি পেডনেকরের। তাঁর জীবনের এক অনবদ্য অভিজ্ঞতা। দলাই লামার মুখোমুখি হয়ে কেন কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী? অভিজ্ঞতা ভাগ ভূমির।
সারাজীবন এই মুহূর্ত মনের মধ্যে গেঁথে থাকবে ভূমির। সম্প্রতি হিমাচল প্রদেশের ধর্মশালায় তিব্বতী ধর্মগুরু দলাই লামার সঙ্গে দেখা করেন তিনি। সেই সময়ের বিশেষ কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করেন ভূমি।
অভিনেত্রী জানান, ভূমি ওই মুহূর্তে খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। ভূমির কথায়, ‘সব কিছু যেন খুব হালকা লাগছিল। চারিদিক শান্ত। আমি যখন দেখা করে বেরিয়ে আসছি, বুঝতে পারছিলাম আমার চোখ থেকে অঝোরে জল গড়িয়ে পড়ছে। এই অনুভূতি আমি বলে বোঝাতে পারব না। এমন শান্তি ও আন্তরিকতায় আমি ধন্য। এই স্মৃতি সর্বদা আমার সঙ্গে থাকবে।’
দলাই লামার সঙ্গে তাঁর সাক্ষাৎ অনুরাগীদের কাছেও বিশেষ একটি মুহূর্ত তৈরি করেছে। সকলেই আগামীতে ভূমির অভিনয়ের পাশাপাশি পরিবেশ ও সামাজিক নানা বিষয় নিয়ে কাজের জন্য শুভেচ্ছা জানান।