Budh Nakshatra Parivartan 2026: আগামী কয়েক দিন চরম অর্থকষ্টে ভুগবেন এই চার রাশি, বাঁচার উপায় জানুন | Mercury Transit 2026: Budh Nakshatra Parivartan to bring financial and health challenges for 4 zodiac signs
কোন চার রাশি আগামী কয়েক দিন সাবধানে থাকবেন?Image Credit: Gemini Ai
জ্যোতিষশাস্ত্রে বুধ (Mercury) গ্রহকে মনে করা হয় বুদ্ধি, যুক্তি এবং যোগাযোগের প্রধান কারক। সেই বুধই, ১৯ মে ২০২৬, দুপুরের পর এক বড়সড় চাল বদল করতে চলেছে। সোজা কথায়, দুপুর ২টো ৩৭ মিনিটে বুধ কৃত্তিকা নক্ষত্র ছেড়ে প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে। জ্যোতিষীদের মতে, বুধ বর্তমানে অবস্থান করছিল সূর্যের নক্ষত্রে, সেখান থেকে তার এই চন্দ্রের নক্ষত্রে চলে যাওয়া অত্যন্ত অর্থপূর্ণ। কারণ, চন্দ্র মানুষের মন ও আবেগকে নিয়ন্ত্রণ করে। ফলে বুধের যুক্তি আর চন্দ্রের আবেগের মধ্যে একটা তুমুল মনস্তাত্ত্বিক সংঘাত তৈরি হওয়া স্বাভাবিক। আর এই মহাজাগতিক রদবদলের জেরেই আগামী কয়েক দিন চার রাশির জাতকদের জীবনে ঝড়ঝাপটা আসার আশঙ্কা রয়েছে। সম্পর্ক, টাকা-পয়সা থেকে শুরু করে স্বাস্থ্য- সবক্ষেত্রেই বিশেষজ্ঞদের কড়া নজরে থাকতে বলা হয়েছে।
কোন চার রাশি আগামী কয়েক দিন সাবধানে থাকবেন?
মেষ রাশি: বুধের এই নক্ষত্র পরিবর্তনের প্রভাব পড়তে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের ওপর। এর সরাসরি কুপ্রভাব পড়তে পারে আপনার কথাবার্তায়। একটু অসাবধান হলেই মুখে এমন কোনও কথা চলে আসতে পারে, যা কর্মক্ষেত্রে কিংবা পরিবারে বড়সড় ভুল বোঝাবুঝি বা বিতর্কের জন্ম দেবে। আর্থিক দিক থেকেও সময়টা মোটেও সুবিধার নয়। আচমকা খরচ বেড়ে পকেট ফাঁকা হওয়ার জোগাড় হতে পারে। না বুঝে কোথাও বিনিয়োগ করতে যাবেন না, লোকসান নিশ্চিত। এই সময়ে ভুলেও কাউকে টাকা ধার দেবেন না, সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কম।
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতকদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে বুধের এই রোহিণী নক্ষত্রে প্রবেশ। এর ফলে সব থেকে বেশি টানাপড়েন দেখা দিতে পারে আপনার দাম্পত্য জীবনে কিংবা ব্যবসার পার্টনারশিপে। খুব ছোটখাটো বিষয় নিয়ে সঙ্গীর সঙ্গে তুমুল অশান্তি বেঁধে যেতে পারে। ব্যবসায়িক কোনও চুক্তি বা জরুরি কাগজপত্রে সই করার আগে এই ক’দিন খুব ভালো করে খুঁটিনাটি পড়ে নেবেন, চোখ বুজে কাউকে ভরসা করলে বড়সড় আইনি জটে জড়িয়ে পড়তে পারেন। সাবধানে থাকলে সমস্যায় পড়বেন না বলেই জানাচ্ছেন জ্যোতিষবিদরা।
ধনু রাশি: ধনু রাশির ক্ষেত্রে এই গোচর বা অবস্থান বদল ঘটবে ষষ্ঠ ভাবে। কর্মক্ষেত্রে আপনার প্রতিযোগিতা এক ধাক্কায় অনেক বেড়ে যাবে। অফিসেরই কোনও চেনা মানুষ আপনার অজান্তে পিছন থেকে কাঠি করতে পারে এবং আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাতে পারে। তবে শুধু মানসিক চাপই নয়, এই সময় আপনার স্বাস্থ্যও ভোগাতে পারে। বিশেষ করে স্নায়ুর সমস্যা, ত্বকের রোগ কিংবা তীব্র মানসিক অবসাদ ও অনিদ্রার সমস্যা মাথাচাড়া দিতে পারে। শরীরের পরিশ্রমে কোনও ফাঁকি দেবেন না।
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতকদের ক্ষেত্রে বুধের এই পরিবর্তনের প্রভাব পড়বে চতুর্থ ভাবে। এর ফলে বাড়ির শান্ত পরিবেশ হুট করে গরম হয়ে উঠতে পারে। ঘরের কোনও মেরামতির কাজ বা ইলেকট্রনিক জিনিসপত্র আচমকা খারাপ হয়ে বড়সড় খরচের ধাক্কা আসতে পারে। সবথেকে বেশি চিন্তার বিষয় হতে পারে মায়ের স্বাস্থ্য। মায়ের পুরনো কোনও ক্রনিক অসুখ এই সময়ে নতুন করে ভোগাতে পারে।
জ্যোতিষ বিশেষজ্ঞদের সামগ্রিক পরামর্শ হল, এই কয়েক দিন আবেগের বশে হুট করে কোনও বড় সিদ্ধান্ত নেবেন না। মাথা ঠান্ডা রেখে, ধীরে-সুস্থে পা বাড়ানোই এই সময়ে বুদ্ধিমানের কাজ হবে বলে জানাচ্ছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা।