Dilip Mondal: এখনও অধরা বিধায়ক দিলীপ মণ্ডল, এবার পুলিশের জালে ছেলে অর্ঘ্য | TMC MLA Dilip Mondal’s Son Arghya Mondal Arrested With Firearms in Diamond Harbour Police Raid
বিষ্ণুপুর : তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল (TMC MLA Dilip Mondal) এখনও অধরা। দিন কয়েক আগেই তাঁর প্রাসাদ সমান বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। বাড়ির অন্দরসজ্জা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশেরই। বিধায়ককে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। এরই মধ্যে বিধায়কের ছেলে অর্ঘ মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ। অস্ত্রসহ তাঁকে গ্রেফতার করা হয়েছে। অর্ঘ ছাড়াও তাঁর আরও চার বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।
ফ্রেজ়ারগঞ্জে বসে কাকে হুমকি দিচ্ছিলেন দিলীপের ছেলে?
রবিবার রাতে রাজ্য পুলিশের টাস্ক ফোর্স এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের যৌথ অভিযানে অর্ঘকে গ্রেফতার করা হয়। বকখালি-ফ্রেজারগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়। অর্ঘ-সহ ধৃত আরও পাঁচ জনকে ডায়মন্ড হারবার থানায় নিয়ে আসা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দু’টি পিস্তল ও ৬টি মোবাইল। কোথা থেকে আগ্নেয়াস্ত্র এল, সেই বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ফ্রেজারগঞ্জে বসে বিজেপি নেতা-কর্মীদের হুমকি দিচ্ছিলেন অর্ঘ।