তোলাবাজির অভিযোগ! আসানসোলে পুলিশের জালে মলয় ‘ঘনিষ্ঠ’ তৃণমূল নেতা
আসানসোল: আসানসোলে তোলাবাজি চক্রের পর্দাফাঁস। রাজ্যের প্রাক্তন মন্ত্রী মলয় ঘটকের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি (INTTUC)-র আসানসোল ব্লক সভাপতি রাজু আলুওয়ালিয়াকে গ্রেফতার করল পুলিশ। আসানসোল দক্ষিণ …
আসানসোল: আসানসোলে তোলাবাজি চক্রের পর্দাফাঁস। রাজ্যের প্রাক্তন মন্ত্রী মলয় ঘটকের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি (INTTUC)-র আসানসোল ব্লক সভাপতি রাজু আলুওয়ালিয়াকে গ্রেফতার করল পুলিশ। আসানসোল দক্ষিণ থানার পুলিশের এই পদক্ষেপে শিল্পাঞ্চলের রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। যদিও সোমবার আদালতে পেশ করার সময় ধৃত নেতার দাবি, তাঁকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ করে ফাঁসানো হয়েছে। (INTTUC leader Raju Aluwalia arrested)
পুলিশ সূত্রে খবর, একটি তোলাবাজির চক্রের মূল পাণ্ডা হিসেবেই রাজুকে গ্রেফতার করা হয়েছে। কয়েক দিন আগে আসানসোলের মহিশীলা কলোনি এলাকা থেকে তোলাবাজির অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছিল আসানসোল দক্ষিণ থানার পুলিশ৷ ওই তিনজনকে হেফাজতে নিয়ে জেরা করতেই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। ধৃতেরা পুলিশি জেরায় স্বীকার করে, তারা মূলত রাজু আলুওয়ালিয়ার হয়েই এলাকায় তোলাবাজি করত এবং আদায় করা সমস্ত টাকা রাজুকেই দেওয়া হতো। এরপরেই নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আসানসোলের এই দাপুটে আইএনটিটিইউসি নেতাকে গ্রেফতার করে পুলিশ।
‘রাজনৈতিক ষড়যন্ত্র’, দাবি ধৃতের
এ দিন আদালতে প্রবেশের মুখে রাজু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজেকে নির্দোষ বলে দাবি করেন। তিনি বলেন, “আমি বরাবর তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আজ আমায় ধরা হল। এটা সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র, যাতে আমি প্রতিবাদ করতে না পারি।” নেপথ্যে কারা রয়েছে, সেই প্রশ্নের উত্তরে রাজুর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, “আসানসোলে কী অবস্থা তা সবাই জানেন।”
রাজুকে হেফাজতে নিয়ে এবার এই তোলাবাজি চক্রের শিকড়ে পৌঁছতে চাইছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং তোলাবাজির টাকা আরও ওপর তলার কোনও নেতার কাছে পৌঁছত কি না, এবার সেই রহস্যের জট খুলতে চাইছেন তদন্তকারীরা।