ছক্কার ফুলঝুরি, অভিষেককে ছাপিয়ে ইতিহাস বৈভবের, পিছনে পড়লেন কোহলিরাও - 24 Ghanta Bangla News
Home

ছক্কার ফুলঝুরি, অভিষেককে ছাপিয়ে ইতিহাস বৈভবের, পিছনে পড়লেন কোহলিরাও

Spread the love

২০২৬ সালের IPL-এ একের পর এক চমক দিয়ে চলেছে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই এমন ব্যাটিং করছে, যা দেখে অবাক ক্রিকেট বিশ্ব। রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে খেলতে নেমে আরও একটি বড় রেকর্ড নিজের নামে করে ফেলল রাজস্থান রয়্যালসের (RR) এই কিশোর ওপেনার। এক মরশুমে সবচেয়ে বেশি ছক্কা মারা ভারতীয় ব্যাটারের তালিকায় এখন সবার উপরে বৈভব। চলতি মরশুমে তার ছক্কার সংখ্যা পৌঁছে গেল ৪৩-এ।

শুধু রান নয়, বৈভব যে ভাবে ভয়ডরহীন ক্রিকেট খেলছে, তা ইতিমধ্যেই তাকে IPL-এর অন্যতম বড় তারকায় পরিণত করেছে। বয়স মাত্র ১৫, কিন্তু মাঠে তার ব্যাটিং দেখে সেটা বোঝার উপায় নেই। বড় বড় বোলারদের বিরুদ্ধে সে যে ভাবে সহজে ছক্কা মারছে, তা আলাদা করে নজর কাড়ছে।

অভিষেক শর্মার রেকর্ড ভেঙে শীর্ষে বৈভব

এর আগে এক মরশুমে সবচেয়ে বেশি ছক্কা মারা ভারতীয় ব্যাটারের রেকর্ড ছিল অভিষেক শর্মার (Abhishek Sharma)। ২০২৪ সালের IPL-এ তিনি ৪২টি ছক্কা মেরেছিলেন। দীর্ঘ দিন সেই রেকর্ড অক্ষত ছিল। কিন্তু এ বার সেই রেকর্ড ভেঙে দিল বৈভব। দিল্লির বিরুদ্ধে ম্যাচে একটি ছক্কা মারতেই ৪৩ ছক্কায় পৌঁছে যায় সে। ফলে ভারতীয়দের মধ্যে এক মরশুমে সবচেয়ে বেশি ছক্কার মালিক এখন বৈভব সূর্যবংশী।

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ২০২৫ সালের IPL-এ তিনি ৩৯টি ছক্কা মেরেছিলেন। বিরাট কোহলি (Virat Kohli) ২০১৬ ও ২০২৪ সালে ৩৮টি করে ছক্কা হাঁকিয়েছিলেন। একই সংখ্যক ছক্কা রয়েছে সূর্যকুমার যাদবেরও (Suryakumar Yadav), যিনি ২০২৫ সালে ৩৮টি ছক্কা মেরেছিলেন। আর মাত্র ১৫ বছর বয়সে এই তালিকার এক নম্বরে উঠে আসা সত্যিই বড় ব্যাপার। কারণ, এই তালিকায় থাকা প্রায় সকলেই আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিষ্ঠিত তারকা। সেখানে বৈভবের এখন সবে কেরিয়ারের শুরু।

প্রথম বল থেকেই আক্রমণ, দিল্লিকে চাপে ফেলল বৈভব

দিল্লির বিরুদ্ধে ম্যাচেও শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল বৈভব। ইনিংসের প্রথম বলেই লুঙ্গি এনগিডির (Lungi Ngidi) বিরুদ্ধে ছক্কা হাঁকিয়ে সবাইকে বুঝিয়ে দেয়, সে রক্ষণাত্মক ক্রিকেট খেলতে আসেনি। প্রথম বল থেকেই বড় শট খেলতে শুরু করে সে। দিল্লির বোলারদের এক মুহূর্তও স্বস্তিতে থাকতে দেয়নি। খুব অল্প সময়ের মধ্যেই ম্যাচের গতি বদলে দেয় এই তরুণ ওপেনার।

শেষ পর্যন্ত মাত্র ২১ বলে ৪৬ রানের দুরন্ত ইনিংস খেলে বৈভব। যদিও অর্ধশতরান করতে পারেনি, তবুও তাঁর ইনিংস রাজস্থানের ভিত শক্ত করে দেয়। ইনিংসে ছিল ৩টি ছক্কা, ৫টি চার। বৈভব আউট হওয়ার আগে ধ্রুব জুরেলের (Dhruv Jurel) সঙ্গে মাত্র ৩৪ বলে ৭০ রানের জুটি গড়ে সে। এই জুটির কারণেই শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নিয়ে নেয় রাজস্থান।

এই আক্রমণাত্মক ব্যাটিংয়ের ফলেই পাওয়ার প্লের ছ’ওভারে ১ উইকেটে ৭৫ রান তুলে ফেলে রাজস্থান। দিল্লির বিরুদ্ধে IPL-এ এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ পাওয়ার প্লে স্কোর। এর আগে ২০১৮ সালে একই মাঠে ৭৯ রান তুলেছিল তারা।

বিরল তালিকায় জায়গা, আরও এক কীর্তি বৈভবের

এই মরশুমে বৈভব পাঁচ বার নিজের ইনিংসের প্রথম বলেই ছক্কা মেরেছে। IPL-এর মতো বড় মঞ্চে এমন ঘটনা খুব কম দেখা যায়। সব মিলিয়ে IPL-এ এটি তার অষ্টম বার প্রথম বলেই ছক্কা মারার নজির। শুধু তাই নয়, এক মরশুমে তিন বার ইনিংসের প্রথম বলেই ছক্কা মারা বিশেষ তালিকাতেও জায়গা করে নিয়েছে সে। এর আগে এই কীর্তি ছিল শাহরুখ খান (Shahrukh Khan), সুনীল নারিন (Sunil Narine) ও দেবদত্ত পাডিক্কালের (Devdutt Padikkal)। এ বার সেই তালিকায় নাম উঠল বৈভব সূর্যবংশীরও।

সব মিলিয়ে, ২০২৬ সালের IPL যেন বৈভব সূর্যবংশীর মরশুম হয়ে উঠছে। বয়স কম হলেও ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস, বড় শট খেলার ক্ষমতা এবং চাপ সামলানোর মানসিকতা দেখে অনেকেই বলছেন, ভারতীয় ক্রিকেট হয়তো ভবিষ্যতের বড় তারকাকে পেয়ে গিয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *