Bulldozer in Howrah Station: ‘এখানে কোনও নাটক হচ্ছে না’, রাতেই বুলডোজার নিয়ে হাও়ড়া স্টেশনে প্রচুর পুলিশ | Bulldozer Drive at Howrah Station, Over 150 Illegal Shops Removed in Night Eviction
কলকাতা: এবার হাওড়া স্টেশন। রাতেই চলল বুলডোজার। আগেই ধরানো হয়েছিল নোটিস, এবার বুলডোজার নিয়ে হাওড়া স্টেশনের বাইরে উচ্ছেদ রেল পুলিশের। এতদিন যারা স্টেশনের বাইরে রাস্তায়, ফুটপাথে ডালা সাজিয়ে বসতেন তুলে দেওয়া হল তাঁদের। অনেকে অস্থায়ী দোকানও ছিল, সেগুলিও তুলে দেওয়া হয়েছে। বুলডোজার চালিয়ে গোটা স্টেশন চত্বর পরিষ্কার করে দেওয়া হল। রেল পুলিশের দাবি, সাধারণ মানুষের সুবিধার্থেই এটা করা হল। এবার থেকে আর যাত্রীদের যাতায়াতের কোনও সুবিধা হবে না।
শনিবার রাতে হাওড়া স্টেশনের বাইরে উচ্ছেদ অভিযান দেখতে রীতিমতো ভিড় জমে যায়। যদিও পুলিশ ছিল একেবারে কড়া অ্যাকশনে। মাইক হাতে পুলিশকে বলতে শোনা যায়, “এখানে ভিড় করবেন না। যাত্রীরা স্টেশনে চলে যান, যাঁদের বাস ধরার বাস ধরুন। এখানে কোনও নাটক হচ্ছে না। আপনারা আপনাদের কাজ করুন। প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিন।” প্রচুর পুলিশ তো ছিলই সঙ্গে ছিল বিরাট সংখ্যক আরপিএফ। বুলডোজার দিয়ে ১৫০ বেশি অবৈধ দোকান ভেঙে ফেলা হয় বলে খবর। পুলিশের উপস্থিতিতেই মাঠে নামে বুলডোজার। শোরগোল পড়ে যায় গোটা স্টেশন চত্বরে।
ফুটপাতের ব্যবসায়ীরা জানিয়েছেন একদিন আগেই রেলের তরফে তাঁদের জায়গা ছেড়ে চলে যাওয়ার জন্য নোটিস দেওয়া হয়। তারপরই শনিবার রাতের অপারেশন। অনেকেই তাঁদের ডালা অন্যত্র সরিয়ে নিতে পেরেছেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীদের সুবিধার জন্য এই উচ্ছেদ অভিযান হচ্ছে। যাত্রীদের বড় অংশ জানিয়েছেন এতে তারাও খুশি।