Chandranath Rath Murder: নিবেদিতা টোল প্লাজার ঠিক আগেই ফেলে দেওয়া হল নম্বর প্লেট, মায়াঙ্ককে কে দিল ১ লক্ষ টাকার বরাত? চন্দ্রনাথ-খুনে চাঞ্চল্যকর তথ্য | Chandranath Rath Murder Case: one person gave 1 lakh rupees to Mayank for bringing the car - 24 Ghanta Bangla News
Home

Chandranath Rath Murder: নিবেদিতা টোল প্লাজার ঠিক আগেই ফেলে দেওয়া হল নম্বর প্লেট, মায়াঙ্ককে কে দিল ১ লক্ষ টাকার বরাত? চন্দ্রনাথ-খুনে চাঞ্চল্যকর তথ্য | Chandranath Rath Murder Case: one person gave 1 lakh rupees to Mayank for bringing the car

Spread the love

কলকাতা: গাড়ির নম্বর প্লেট বদলে ঝাড়খণ্ড থেকে পৌঁছে দিতে হবে বারাসত। শুধু গাড়ি পৌঁছনোর জন্য ১ লক্ষ টাকার ডিল হয়। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। ধৃত মায়াঙ্ককে জেরায় উঠে এসেছে খুনে ব্যবহৃত গাড়ি সংক্রান্ত এমনই তথ্য।

গাড়ি বারাসতে পৌঁছে দিকে ১ লক্ষ টাকার বরাত

সিবিআই নজরে রয়েছেন ঝাড়খণ্ডের এক ব‍্যক্তিও। মায়াঙ্ককে জেরায় ওই ব্যক্তি সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছে সিবিআই। সূত্রের খবর, ওই ব‍্যক্তিই মায়াঙ্ককে বরাত দিয়েছিলেন, যাতে নিসান মাইক্রা গাড়িটি বারাসতে পৌঁছে দেন মায়াঙ্ক। মধ্যমগ্রামের ঘটনার দিন অভিযুক্তরা নিসান মাইক্রা গাড়িতে চেপেই পৌঁছন ঘটনাস্থলে। সিবিআই জেরায় মায়াঙ্ক দাবি করেছেন, ১ লক্ষ টাকার বিনিময়ে তিনি গাড়ি বারাসতে পৌঁছে দিয়েছিলেন।

মাঝপথে বদলে দেওয়া হয় নম্বর

সিবিআই সূত্রে খবর, মায়াঙ্ক নিজেই চারচাকা গাড়িটি চালিয়ে পৌঁছে দেন বারাসতে। হাওড়ায় নিবেদিতা টোল প্লাজার কয়েক কিলোমিটার আগে গাড়ি থামিয়ে বদলে ফেলা হয়েছিল নম্বর প্লেট। লাগানো হয়েছিল শিলিগুড়ির আরওটিও থেকে রেজিস্ট্রেশন হওয়া একটি গাড়ির নম্বর। নিবেদিতা টোল প্লাজার কাছাকাছি এসে টোল পেরনোর আগেই ফেলে দেওয়া হয় গাড়ির আসল নম্বর প্লেট। অভিযুক্ত মায়াঙ্ককে নিয়ে একাধিক জায়গা ঘুরে তথ্য সংগ্রহ করে সিবিআই।।

সিবিআই সূত্রে খবর, মায়াঙ্ককে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তাঁকে বারাসত ১১ নম্বর রেল গেট সংলগ্ন নির্দিষ্ট জায়গায় গাড়ি রেখে চলে যেতে বলা হয়েছিল। নিবেদিতা টোল প্লাজা পেরনোর পর বারাসত ১১ নম্বর রেল গেট সংলগ্ন এলাকায় গাড়ি রেখে বেরিয়ে যান মায়াঙ্ক।

সোজা হাওড়া স্টেশনে চলে যান মায়াঙ্ক

বারাসত থেকে একটি বাসে চেপে মায়াঙ্ক চলে যান এয়ারপোর্ট এলাকায়। সেখানে একটি ফাস্ট ফুডের দোকানে খাওয়াদাওয়া করে ক‍্যাব নিয়ে চলে যান হাওড়া স্টেশন। সেখান থেকে ট্রেনে চেপে ফিরে যান বক্সার। সিবিআই জেরায় মায়াঙ্ক আরও জানিয়েছেন, টোল প্লাজায় তিনি অনলাইন পেমেন্ট করে টোল মিটিয়েছিলেন।
বৃহস্পতিবার মায়াঙ্ককে সঙ্গে নিয়ে এইসব জায়গাগুলো ঘুরে দেখেন সিবিআই-এর তদন্তকারীরা।

ছিল আরও তিনজন

সূত্রের খবর মায়াঙ্ককে জেরা করে তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, নিসান মাইক্রা ছাড়াও আরও একটি চারচাকা গাড়ি তিনজনকে নিয়ে ঝাড়খণ্ড থেকে এসেছিল। কিন্তু ওই তিনজন কারা? খুনে ধৃত ভিকি ও রাজ সিং কি এই তিন জনের মধ্যে ছিলেন? নাকি আরও তিনজন এসেছিলেন বারাসতে? তদন্ত করে দেখছে সিবিআই।

খোঁজ চলছে ঝাড়খন্ডের ওই ব‍্যক্তির, যিনি মায়াঙ্ককে লক্ষ টাকার বিনিময়ে গাড়ি পৌঁছে দিতে বলেছিলেন। ওই ব‍্যক্তিকেই কি খুনের সুপারি দেওয়া হয়েছিল? জানতে মরিয়া সিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *