দেশের বাকি জায়গায় SIR-র ঘোষণা, বাদ রইল কোন কোন রাজ্য?
পাঁচ রাজ্যে ভোট পর্ব মিটতেই এ বার দেশের বাকি অংশে SIR অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া শুরুর কথা ঘোষণা করল নির্বাচন কমিশন। তবে এই পর্বে বাইরে রাখা হয়েছে হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর এবং লাদাখকে। কমিশনের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই দেশের বিভিন্ন রাজ্যে এই SIR-র কাজ শুরু হবে। এর লক্ষ্য হলো, ভোটার তালিকা আরও নির্ভুল, স্বচ্ছ ভাবে সংশোধন করা।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এই বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে মৃত ভোটার, স্থানান্তরিত ব্যক্তি, একই ব্যক্তির একাধিক নাম বা অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া হবে। পাশাপাশি নতুন যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা হবে। কমিশনের দাবি, গত কয়েক বছরে বিভিন্ন রাজ্যে ভোটার তালিকা নিয়ে বহু অভিযোগ জমা পড়েছে। সেই কারণেই এ বার আরও কড়া এবং নিবিড় যাচাই প্রক্রিয়া চালানো হবে।
বিহার, পশ্চিমবঙ্গ-সহ ১৩ রাজ্যে যে নিয়মে SIR-এর কাজ সম্পন্ন করা হয়েছে, সেই ভাবেই এই প্রক্রিয়ার তৃতীয় পর্বেও বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলবে। সূত্রের খবর, এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে যাচাই করতে পারেন বুথ লেভেল অফিসাররা বা BLO-রা। ২০০২ সালের SIR তালিকায় নাম না থাকলে কমিশনের উল্লেখিত ১২টি নথির একটি দিলেই হবে। এই পর্যায়ে, ৩.৯৪ লক্ষেরও বেশি বুথ লেভেল অফিসার প্রায় ৩৬.৭৩ কোটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের কাজ করবেন। কমিশন জানিয়েছে, প্রযুক্তির সাহায্যেও তালিকা যাচাই করা হবে। আধার, জন্ম-মৃত্যুর রেকর্ড এবং সরকারি ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হতে পারে তথ্য।
তবে কেন হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর এবং লাদাখকে এই প্রক্রিয়া থেকে বাদ রাখা হয়েছে, তা নিয়েও ব্যাখ্যা দিয়েছে কমিশন। জানা গিয়েছে, ওই তিন অঞ্চলে ইতিমধ্যেই সাম্প্রতিক সময়ে ভোটার তালিকার পুনর্বিবেচনার কাজ হয়েছে। এ ছাড়া জম্মু-কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় কিছু প্রশাসনিক কাঠামোয় পরিবর্তনের কারণে SIR-এ পরে আলাদা পদ্ধতি অনুসরণ করা হবে।
প্রসঙ্গত, বাংলা ও বিহারে SIR প্রক্রিয়া নিয়ে একাধিক মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। বাংলার কয়েক লক্ষ মানুষের নাম এখনও ট্রাইব্যুনালে ঝুলে। বাদ গিয়েছে প্রায় এক কোটি নাম।