কার্গিল থেকে দেহ ভেসে পাকিস্তানে! বিদেশ মন্ত্রকের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত বাসিন্দাদের
অরিন্দম বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লি
কার্গিলের খরস্রোতা শিঙ্গো এবং সুরু নদীর স্রোতে এ পারের দুর্ঘটনাগ্রস্ত বাসিন্দাদের মৃতদেহ ভেসে যাচ্ছে নিয়ন্ত্রণরেখার ওপারে পাক অধিকৃত কাশ্মীরের বালতিস্তানে৷ বহু অনুরোধ–উপরোধের পরেও এই সব ভারতীয় নাগরিকের দেহ এপারে নিয়ে এসে নিজেদের ধর্মীয় রীতি অনুযায়ী ‘শেষকৃত্য’ করার সুযোগও পান না এপারের বাসিন্দারা৷ এই আবহে কার্গিল শহর থেকে ১০ কিমি দূরে, ভারত- পাকিস্তান নিয়ন্ত্রণরেখার খুব কাছে অবস্থিত হুন্দুরমান গ্রামের অধিবাসীরা ভারতের বিদেশ মন্ত্রকের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ তাঁদের দাবি, দু’দেশের নিয়ন্ত্রণরেখায় ‘নো ম্যানস ল্যান্ড’ বরাবর এমন কোনও একটি স্থান নির্ধারণ করা হোক, যেখানে ভারতীয় ও পাকিস্তানি সেনার উপস্থিতিতে ওপার থেকে মৃতদেহ ফেরানো সম্ভব হবে এ পারে। এই মর্মেই বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করকে চিঠি লিখবেন হুন্দুরমান গ্রামের বাসিন্দারা৷ এ বিষয়ে বিশেষ উদ্যোগ নিয়েছেন কার্গিলের বাসিন্দা, সমাজসেবী এবং ‘কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স’-এর সদস্য সাজ্জাদ হোসেন৷