IPL 2026 Highlights, PBKS vs DC : প্রতিশোধ নিল দিল্লি ক্যাপিটালস, টানা ৪ ম্যাচ হেরে চাপে পাঞ্জাব কিংস! | Delhi Capitals Avenge Defeat as Punjab Kings Slump to 4th Consecutive Loss - 24 Ghanta Bangla News
Home

IPL 2026 Highlights, PBKS vs DC : প্রতিশোধ নিল দিল্লি ক্যাপিটালস, টানা ৪ ম্যাচ হেরে চাপে পাঞ্জাব কিংস! | Delhi Capitals Avenge Defeat as Punjab Kings Slump to 4th Consecutive Loss

Spread the love

ধরমশালা : এ কী হচ্ছে পাঞ্জাব কিংসের (Punjab Kings) ? প্রথমে টানা ৬ ম্যাচে জয়, তারপর এখন টানা ৪ ম্যাচে হার, পাঞ্জাব কিংসের আইপিএল (IPL 2026) যাত্রা যেন সত্যিই চমক দেখাচ্ছে দর্শকদের। এই দিল্লির (Delhi Capitals) বিরুদ্ধেই আইপিএলের গত সাক্ষাতে ২৬৪ রান তাড়া করে জিতেছিল পাঞ্জাব কিংস। গতকাল এই পাঞ্জাবের বিরুদ্ধে জিতে নিজেদের ‘রিভেঞ্জ’ নিল দিল্লি। ফলত, এই আইপিএলের শেষ চারের রাস্তা এখন ৭ দলের জন্যই খোলা। দিল্লির কাছেও সুযোগ রয়েছে নিজেদের শেষ চারে দেখতে পাওয়ার।

সোমবার টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel)। শুরু থেকেই ধুমধাড়াক্কা ব্যাটিং করতে শুরু করেন প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং। ৩ ওভারের মধ্যেই ৫০ রান তুলে ফেলে দিল্লি। সপ্তম ওভারের মাথায় প্রিয়াংশ (৫৬) আউট হওয়ার সময় পাঞ্জাবের স্কোর ৭৮/১। কুপার কনোলি করলেন ৩৮। প্রভসিমরন ১৮ রানের মাথায় আউট হয়ে যান। মার্কাস স্টোইনিস, শশাঙ্ক সিংরা ব্যর্থ। অধিনায়ক শ্রেয়স আইয়ার (৫৯) ও সুর্যাংশর ৮ বলে ২১ রানের ইনিংসের বদান্যতায় ২০ ওভারে ২১০ রান তোলে পাঞ্জাব। দুটি করে উইকেট পেয়েছেন মাধব তিওয়ারি ও মিচেল স্টার্ক।

জবাবে ব্যাটে নেমে প্রথম ৫ ওভারের মধ্যেই অভিষেক পোড়েল (৫), কে এল রাহুল (৯), সাহিল পরাখের (১৩) উইকেট হারিয়ে ফেলে দিল্লি। ৩৩ রানের মধ্যেই ৩ উইকেট চলে যায় তাঁদের। সেখান থেকে পাল্টা লড়াই শুরু করেন অধিনায়ক অক্ষর প্যাটেল ও ডেভিড মিলার। ৩০ বলে ৫৬ রান করে আউট হন অক্ষর। ২৮ বলে ৫১ রানের ইনিংস খেললেন মিলার। ১০ বলে ২৪ রানের দুরন্ত একটি ক্যামিও ইনিংস খেললেন আশুতোষ শর্মা। শেষে আকিব নবির একটি চার ও একটি ছক্কাই ম্যাচ জিতিয়ে দেয় দিল্লিকে। ১ ওভার বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে ২১৬ রান তুলে ম্যাচ পকেটে পুরে নেন অক্ষররা।

এই টানা হারের ফলে পাঞ্জাবের কাছে এখন লড়াই বেশ কঠিন। বাকি থাকা ৩ ম্যাচের মধ্যে অন্তত ২ ম্যাচে পাঞ্জাবকে জিততেই হবে। দিল্লির কাছে শুধু সব ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলের দিকেও। এই মুহূর্তে প্রথম ৩ দলের পয়েন্ট ১৪। একমাত্র পাঞ্জাবের পয়েন্ট ১৩, কারণ কেকেআর ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। ভগবান না করুন, এই ১ পয়েন্টের জন্যই নাহয় এই আইপিএল থেকে বিদায় ঘটে যায় শ্রেয়সের দলের, তাহলে অপেক্ষা আরও বাড়বে প্রীতি জিন্টার ছেলেদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *