PM Jeevan Jyoti Yojana: ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাত্র ৪৩৬ টাকা থাকলেই পাবেন ২ লাখ টাকা, কীভাবে জানেন? – Bengali News | PM Jeevan Jyoti Yojana: Keep Just 436 rs in Bank Account and Get 2 Lakh rs Insurance Cover
নয়া দিল্লি: বর্তমানে অনিশ্চয়তার জীবনে কেউ প্রাণের গ্যারান্টি দিতে পারে না। কখন কী বিপদ ঘটে, কেউ বলতে পারে না। তাই জীবনবিমা (Life Insurance) খুবই দরকারি। তবে সকলের সাধ্য থাকে না দামি জীবনবিমা কেনার। তাহলে কি তারা জীবনবিমা করানোর সুযোগ পাবেন না? সাধারণ মানুষের কথা ভেবেই কেন্দ্রীয় সরকার বিমা প্রকল্প তৈরি করেছে। কীভাবে আপনি এই বিমার সুবিধা পাবেন? কত টাকা খরচ করতে হবে আপনাকে?
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা (PM Jeevan Jyoti Yojana)-র কথা অনেকেই জানেন না। দরিদ্র ও মধ্যবিত্ত মানুষদের কথা ভেবেই ২০১৫ সালে কেন্দ্রীয় সরকার এই প্রকল্প এনেছিল। এই বিমার সুবিধা যে কেউ পেতে পারেন। বিমার মেয়াদ থাকাকালীন যদি কারোর মৃত্যু হলে, ২ লক্ষ টাকা পাবেন। এর জন্য বছরে প্রিমিয়াম দিতে হবে মাত্র ৪৩৬ টাকা। কোনও কারণে মৃত্যু হলে, বিমা করা ব্যক্তির যিনি নমিনি থাকবেন, তিনি এই ২ লক্ষ টাকা পাবেন।
কারা আবেদন করতে পারবেন?
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY)-এ ১৮ থেকে ৫৫ বছর বয়সী ব্যক্তিরা আবেদন করতে পারেন। ১ জুন থেকে ৩১ মে পর্যন্ত এক বছরের মেয়াদে জীবন বিমা কভার দেওয়া হয়।
কীভাবে বিমা করাবেন?
এই বিমা করার জন্য ছোটাছুটি করার কোনও দরকার নেই। যে কোনও ব্যাঙ্কেই এই বিমার সুবিধা পাওয়া যায়। তাই আপনার নিকটবর্তী ব্যাঙ্কে গিয়ে এই স্কিমের ফর্ম পূরণ করলেই হবে। সঙ্গে জমা দিতে হবে আধার কার্ড, পরিচয়পত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক, মোবাইল নম্বর এবং পাসপোর্ট আকারের ছবি।
আপনাকে এই বিমার প্রিমিয়াম নিয়েও চিন্তা করতে হবে না। ব্যাঙ্ক থেকেই অটো ডেবিট প্রক্রিয়ায় এই প্রিমিয়াম কেটে নেওয়া হয় প্রতি বছর। যদি কোনও কারণে আপনি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা চালিয়ে যেতে না পারেন বা বিমা বন্ধ করে দিতে পারেন, তাহলে ব্যাঙ্কে আবেদন করলেই অটো-ডেবিট বাতিল করে দেওয়া হয়।