এএফসি অনূর্ধ্ব-১৭ কোয়ার্টার ফাইনালে ভারত, জোড়া গোলে উজ্জ্বল প্রীতিকা
লেবাননকে ৪-০ উড়িয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা। কোয়ার্টার ফাইনালে উঠেই এবার আয়োজক চিনকে চমক দেওয়ার লক্ষ্য দলের।
চিনের মাটিতে নতুন ইতিহাস গড়ল ভারতের অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দল। এএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারতের মেয়েরা। শুক্রবার লেবাননের বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলে ৪-০ গোলের বড় জয় তুলে নেয় ভারত। দলের হয়ে জোড়া গোল করেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ফুটবলার প্রীতিকা বর্মন। বাকি দুটি গোল আসে আলভা দেবী ও জয়ার পা থেকে। শুরু থেকেই ভারত আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে এবং প্রতিপক্ষকে কার্যত কোনও সুযোগই দেয়নি।
আরও পড়ুন: গুজরাটের জয়ের হ্যাটট্রিক, পঞ্জাবকে হারিয়ে প্লে-অফে জোরাল বার্তা
এই জয়ের ফলে ভারতের সামনে নকআউট পর্বে ওঠার রাস্তা অনেকটাই পরিষ্কার হয়ে যায়। তবে শেষ পর্যন্ত তাকিয়ে থাকতে হয়েছিল ফিলিপিন্স ও চাইনিজ তাইপেইয়ের ম্যাচের দিকে। সমীকরণ অনুযায়ী, ভারতকে টপকে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে ফিলিপিন্সকে অন্তত ১২ গোলের ব্যবধানে অথবা চাইনিজ তাইপেইকে ১৩ গোলের ব্যবধানে জিততে হতো। কিন্তু সেই ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় ভারতের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যায়। এই সাফল্য ভারতীয় মহিলা ফুটবলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: মাঠে নামলেন জেরি, ওডিশা এফসির বিরুদ্ধে সহজ জয় পেল ইস্টবেঙ্গল
বয়সভিত্তিক পর্যায়ে এশিয়ার সেরা আট দলের মধ্যে জায়গা করে নেওয়া ভবিষ্যতের জন্য বড় বার্তা দিচ্ছে। দলের ফুটবলারদের আত্মবিশ্বাস যেমন বেড়েছে, তেমনই আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় মেয়েদের লড়াই করার মানসিকতাও স্পষ্ট হয়েছে। বিশেষ করে প্রীতিকা বর্মনের পারফরম্যান্স নজর কেড়েছে ফুটবল মহলের। গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর জোড়া গোল দলকে বড় ব্যবধানে জিততে সাহায্য করেছে।
আগামী ১১ মে কোয়ার্টার ফাইনালে ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। প্রতিপক্ষ গ্রুপ ‘এ’-র চ্যাম্পিয়ন এবং আয়োজক দেশ চীন। শক্তিশালী চিনের বিরুদ্ধে লড়াই সহজ হবে না, তবে আত্মবিশ্বাসী ভারতীয় দল চমক দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে। এই ম্যাচ জিততে পারলে ভারত পৌঁছে যাবে সেমিফাইনালে এবং সেই সঙ্গে নিশ্চিত হবে ২০২৬ সালের ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপে খেলার যোগ্যতা। আগামী বছর মরক্কোয় অনুষ্ঠিত হবে সেই বিশ্বকাপ। ফলে ভারতের সামনে এখন শুধু ইতিহাস গড়ার নয়, বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়ারও সুবর্ণ সুযোগ।