রাতদুপুরে ফোন করে ডেকে কুপিয়ে খুন! বিজেপি সমর্থকের দেহ উদ্ধার ইংরেজবাজারে
মালদহ: ভোট পরবর্তী হিংসার আবহে ফের উত্তপ্ত রাজ্য। বুধবার রাতে যখন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়কের খুনের ঘটনায় তোলপাড় বাংলা, ঠিক তখনই মালদহের ইংরেজবাজারে এক বিজেপি সমর্থককে নৃসংশভাবে কুপিয়ে …
মালদহ: ভোট পরবর্তী হিংসার আবহে ফের উত্তপ্ত রাজ্য। বুধবার রাতে যখন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়কের খুনের ঘটনায় তোলপাড় বাংলা, ঠিক তখনই মালদহের ইংরেজবাজারে এক বিজেপি সমর্থককে নৃসংশভাবে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। মৃত যুবকের নাম কিষাণ হালদার (২৮)। ইংরেজবাজার পুরসভার ১ নম্বর ওয়ার্ডের গাদুয়া মোড় এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই খুনের নেপথ্যে কোনও রাজনৈতিক কারণ নেই বলেই দাবি করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। (BJP supporter Kishan Haldar hacked to death)
পরিবারের অভিযোগ, বুধবার রাতে কিষাণকে কয়েকজন যুবক ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে মহেশপুর বাগানপাড়া এলাকায় তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দেহের পাশ থেকেই উদ্ধার হয়েছে একটি বড় আকারের হাঁসুয়া। পুলিশের প্রাথমিক অনুমান, ওই হাঁসুয়া দিয়েই কুপিয়ে খুন করা হয়েছে কিষাণকে। এই ঘটনায় কিষাণের আরও দুই বন্ধু আহত হয়েছেন বলে খবর।
প্রতিবেশীদের বিরুদ্ধে অভিযোগ
ঘটনার নেপথ্যে প্রতিবেশী গোলাম হালদার, তাঁর ছেলে সুমন হালদারসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে পরিবার। কিষাণের স্বজনদের দাবি, পরিকল্পনা করেই তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হামলা চালানো হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
বিজেপির অবস্থান: ‘রাজনৈতিক খুন নয়’
রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠলেও, ইংরেজবাজারের এই ঘটনায় ভিন্ন সুর শোনা গেল গেরুয়া শিবিরের গলায়। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এটি কোনও রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। পাড়ার কিছু যুবকের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে দীর্ঘদিনের বিবাদ ছিল। সেই গোলমালের জেরেই প্রতিবেশী গোলাম ও সুমনের সঙ্গে কিষাণের ঝামেলা হয়, যার মর্মান্তিক পরিণতি এই মৃত্যু। অভিযুক্তদেরও কোনও বিশেষ রাজনৈতিক পরিচয় নেই বলে জানিয়েছে বিজেপি।
তদন্তে পুলিশ
ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বচসার আসল কারণ কী এবং কারা এই খুনের সঙ্গে সরাসরি যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় নতুন করে উত্তেজনা এড়াতে পুলিশি টহল জারি রয়েছে।