‘রিপন স্ট্রিট, জানবাজার এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি...’, ছড়াচ্ছে ভুয়ো মেসেজ, সতর্ক করল পুলিশ - 24 Ghanta Bangla News
Home

‘রিপন স্ট্রিট, জানবাজার এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি…’, ছড়াচ্ছে ভুয়ো মেসেজ, সতর্ক করল পুলিশ

Spread the love

চার মে, ২০২৬, ১৫ বছর পরে সরকারে পালাবদল ঘটতেই রাজ্যের একাধিক অঞ্চল ভোট পরবর্তী অশান্তির জেরে উত্তপ্ত। ভোট–পরবর্তী হিংসা ও প্রাণহানি ঠেকাতে কড়া প্রশাসন। এরই মাঝে সামনে এল ভুয়ো খবর ছড়িয়ে অশান্তি বাধানোর চেষ্টার মতো অভিযোগ। হিংসার জড়ানো নিয়ে সতর্ক করার পাশাপাশি ভুয়ো খবর নিয়েও সতর্ক করল লালবাজার। তাদের তরফে জানানো হয়েছে, কলকাতা পুলিশের লোগো দেওয়া নকল বিজ্ঞপ্তি ব্যবহার করে একাধিক এলাকায় আইন-শৃঙ্খলার অবনতির ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় হু-হু করে ছড়িয়ে পড়া এই ভুয়ো বার্তা নিয়েই সতর্ক করেছে প্রশাসন।

জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশের লোগো দেওয়া মেসেজ ছড়িয়ে পড়েছে। তাতে লেখা রয়েছে, ‘রিপন স্ট্রিট, জানবাজার এবং সংলগ্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসিন্দাদের অনুগ্রহ করে ঘরের ভিতরে থাকতে এবং অপ্রয়োজনীয় কারণে বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।

শুধু তাই নয়, বার্তাটিতে পুলিশের আসল বিজ্ঞপ্তির মতোই উল্লেখ করা হয়েছে—‘শুধুমাত্র সরকারি সূত্রে বিশ্বাস রাখুন: গুজব ছড়াবেন না বা বিশ্বাস করবেন না। কেবলমাত্র কলকাতা পুলিশের সরকারি সোশ্যাল মিডিয়া বা স্থানীয় থানার তথ্য অনুসরণ করুন। জরুরি অবস্থায় অবিলম্বে ১০০ নম্বরে ফোন করুন অথবা নিকটস্থ থানার সঙ্গে যোগাযোগ করুন।’ নতুন সরকার গঠনের পূর্বে এমন মেসেজ যে শহরে বাড়তি অশান্তি তৈরি করতে পারে, তা অনুমান করেই বার বার পুলিশের তরফে সতর্ক করা হচ্ছে।

কলকাতা পুলিশের তরফে আশ্বস্ত করে জানানো হয়েছে যে, এমন কোনও ঘটনা ঘটেনি। নকল বিজ্ঞপ্তিতে উল্লেখিত রিপন স্ট্রিট, জানবাজার এবং সংলগ্ন এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা তৈরি হয়নি। তাই বিশ্বস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি না হলে এ ধরনের ভুয়ো খবরের ফাঁদে পা না দেওয়ার জন্য কলকাতাবাসীকে সাবধান করেছেন আইনরক্ষকরা।

প্রসঙ্গত, বাংলায় এ বার বিধানসভা ভোটের দু’দফায়, ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল কোনও প্রাণহানির ঘটনা না–ঘটায় স্বস্তি প্রকাশ করেছিলেন সাধারণ মানুষ। বাংলার রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিয়েও আশাবাদী হয়ে উঠেছিলেন মানুষ। কিন্তু ভোটের রেজ়াল্ট বের হতেই একাধিক জায়গা থেকে আসা অশান্তির খবরে উদ্বেগ ছড়িয়েছে বাংলায়। সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ভোট–পরবর্তী হিংসায় চার জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর, তাঁদের মধ্যে দু’জন তৃণমূল ও দু’জন বিজেপির কর্মী। অশান্তি থামাতে গিয়ে আহ ন্যাজাট থানার ওসি ভরত প্রসূন কর ও এক কনস্টেবল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *