আবাসন তল্লাটের বুথে বাড়ল ভোটদানের হার
এই সময়: নির্বাচন কমিশন এ বার বাংলার শহরাঞ্চলের সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহিত করতে বড় আবাসনের ভিতরেই বুথ করার সিদ্ধান্ত নিয়েছিল, যাতে আবাসনের মানুষ নিজের আবাসনেই ভোট দিয়ে আসতে পারেন। দেখা গিয়েছে, বহুতল বা আবাসনের ভোটারদের জন্য তাঁদের হাউজ়িং কমপ্লেক্সে বুথ করার ফলে সেখানে ভোটদানের হারও বেড়েছে উল্লেখযোগ্য হারে। কমিশনের পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ মহেশতলার ‘হাইল্যান্ড গ্রিন ক্লাব হাউসে’ (৯২.৪১ শতাংশ)। এই বহুতল আবাসনে ভোটার ছিলেন ১৫৮ জন। তার মধ্যে ভোট দিয়েছেন ১৪৬ জন। আর সবচেয়ে কম ভোট পড়েছে কসবার ‘রেল বিহার কো-অপারেটিভ হাউজ়িং’য়ে (৭৪.২৯ শতাংশ)। সেখানে ভোটার ছিলেন ৬৬৯ জন। তাঁদের মধ্যে ভোট দিয়েছেন ৪৯৭ জন।