সাঁজোয়া গাড়ি পথে, উৎসাহের সঙ্গী ভয়ও - 24 Ghanta Bangla News
Home

সাঁজোয়া গাড়ি পথে, উৎসাহের সঙ্গী ভয়ও

Spread the love

এই সময়, দেগঙ্গা: কেউ তড়িঘড়ি বাড়ির দোতলা থেকে সটান নেমে এলেন পথে। কেউ আবার ‘অকারণ ঝঞ্ঝাট’ এড়াতে কাজ শেষ না করেই ঢুকে পড়লেন বাড়িতে। কারও মনে পড়ল যুদ্ধের কথা, ইন্দিরা গান্ধীর মৃত্যুর ঘটনা। কারও মন্তব্য, ‘বড্ড বাড়াবাড়ি।’ কেউ উচ্ছ্বসিত, ‘সিনেমায় দেখেছিলাম। এই প্রথম সামনাসামনি দেখলাম।’ কেউ বিরক্ত হয়ে বললেন, ‘এ ভাবে দাবায়ে রাখতে পারবা না।’ কী নিয়ে এত কথা? সাঁজোয়া গাড়ি!

বুধবার, ভোটের দিন দেগঙ্গা, হাবরা-সহ অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় চক্কর কাটল সাঁজোয়া গাড়ি। বুথের অদূরে কিংবা রাস্তার পাশে মানুষের জটলা দেখলেই সেই গাড়ি থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে সতর্ক করেছেন। এলাকার ভোটারদের একাংশের অভিযোগ, শান্তিপূর্ণ ভোট হওয়া সত্ত্বেও ভয় দেখাতেই গ্রামে সাঁজোয়া গাড়ি ঢোকানো হয়েছে।

ভোটের সপ্তাহখানেক আগেই এ রাজ্যে পৌঁছে গিয়েছিল সেনা বাহিনীর অত্যাধুনিক সাজে সজ্জিত সাঁজোয়া গাড়ি। এ দিন সে গাড়ি উত্তর ২৪ পরগনাতেও পাঠানো হয়। দুপুর সাড়ে ১২টা নাগাদ টাকি রোড ধরে সে গাড়ি পৌঁছয় দেগঙ্গায়। গাড়িতে সাত-আট জন জওয়ান ছিলেন। ছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। সাঁজোয়া গাড়ির পিছনে ছিল আরও দু’টি গাড়ি।

এ ভাবেই দেগঙ্গার চাঁদপুর, হয়ে আমুলিয়া, কোলাপোল অশোকনগরের গুমা থেকে হাবরা বিধানসভার বিভিন্ন বুথের সামনে দিনভর চক্কর খেয়েছে সাঁজোয়া গাড়ি। কোনও রাজনৈতিক শিবিরে চার জনের বেশি কর্মী দেখলেই তাঁদের সরিয়ে দিয়েছেন জওয়ানরা।

জীবনপুর বাজার এলাকার বাসিন্দা ফারুক মোল্লা, গিয়াসউদ্দিন হাওলাদাররা বলছেন, ‘এ বার কোথাও ছাপ্পা ভোট বা গন্ডগোল হয়নি। বোমা-গুলির শব্দও শোনা যায়নি। তার পরেও ভোটারদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করতেই গ্রামে গ্রামে ঘুরেছে সাঁজোয়া গাড়ি। এর কোনও প্রয়োজন ছিল না।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *