বিয়ে ভাঙার হতাশা, নাকি ধর্মীয় বিদ্বেষে ছুরি হামলা? - 24 Ghanta Bangla News
Home

বিয়ে ভাঙার হতাশা, নাকি ধর্মীয় বিদ্বেষে ছুরি হামলা?

Spread the love

এই সময়: মুম্বইয়ের মীরা রোডে ধর্মপরিচয় জিজ্ঞেস করে দুই নিরাপত্তারক্ষীর উপরে ছুরি–হামলা চালানোর ঘটনায় অভিযুক্ত জ়াইব জ়ুবের আনসারির ব্যাপারে উঠে এল বেশ কিছু তথ্য। ‘লোন উল্ফ’ অ্যাটাক নাকি এই হামলার পিছনে বড় কোনও জঙ্গিগোষ্ঠীর যোগ রয়েছে, সেটা জানতে আনসারির পার্সোনাল তথ্য, অর্থনৈতিক লেনদেন এবং ডিজিটাল লেনদেন খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তদন্তে জানা গিয়েছে, আনসারির পরিবার মুম্বইয়ের কুরলার বাসিন্দা। প্রায় দু’দশক আগে আমেরিকায় চলে যায় তারা। একমাত্র আনসারি ভারতে ফিরে আসে, বাকি সদস্যরা এখনও আমেরিকাতেই আছেন। আনসারির বাবা আমেরিকায় ক্যাবচালকের কাজ করেন এবং ছেলের খরচ জোগাতে প্রায়ই ভারতে টাকা পাঠান। সূত্রের খবর, চলতি বছরের গোড়াতেই আনসারির বিয়ে ভেঙেছে।

আপাতত নয়ানগরের ভাড়া করা ফ্ল্যাটেই থাকছিল সে। অনলাইনে কেমিস্ট্রির কোচিং করিয়ে সামান্য কিছু রোজগার করত। আনসারির ঘর থেকে একটি ল্যাপটপ, কোরানের তিনটি কপি এবং হাতে লেখা কিছু চিরকুট (যাতে আইএস জঙ্গিগোষ্ঠী, লোন উল্ফ অ্যাটাকের মতো শব্দের উল্লেখ ছিল) উদ্ধার করেছে পুলিশ।

আপাতত তার মোবাইল ও ল্যাপটপের মুছে ফেলা তথ্য পুনরুদ্ধারের চেষ্টা করছেন তদন্তকারীরা। তাঁদের ধারণা, অনলাইনে সন্ত্রাস সংক্রান্ত কন্টেন্ট দেখেই প্রভাবিত হয়েছিল আনসারি। তার ফ্ল্যাটের দরজায় বেশ কিছু স্টিকারে প্রার্থনা এবং ধর্মীয় রীতিনীতি ধাপে ধাপে পালনের রীতি লেখা রয়েছে। ধর্মীয় বেশ কিছু স্লোগানও লিখে আটকানো রয়েছে ফ্ল্যাটের দরজায়। সোমবার রাতে আনসারি কেন আচমকা নির্মীয়মাণ বিল্ডিংয়ের দুই নিরাপত্তারক্ষীর উপরে হামলা চালালো, স্পষ্ট নয়। তবে মোটিভ জানতে সবদিক খতিয়ে দেখছে পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *