Priyanka Chopra influence Raghav Chadha: প্রিয়াঙ্কার কথাতেই আপ ছেড়ে বিজেপিতে রাঘব? – Bengali News | Priyanka Chopra’s Role in Raghav Chadha’s BJP Entry? Navjot Kaur Sidhu’s Sensational Claim
এই চাঞ্চল্যকর দাবি ঘিরে এখন সরগরম জাতীয় রাজনীতি।
সদ্য আম আদমি পার্টি (AAP) ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। এই দলবদল নিয়ে যখন দেশের রাজনীতিতে তোলপাড় চলছে, ঠিক তখনই জল্পনার আগুনে ঘি ঢাললেন প্রাক্তন ক্রিকেটার নবজ্যোৎ সিং সিধুর স্ত্রী নবজ্যোৎ কৌর সিধু। তাঁর দাবি, রাঘব চাড্ডার এই হঠাৎ সিদ্ধান্তের নেপথ্যে রয়েছেন তাঁর শ্যালিকা তথা গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)! কিন্তু কেন? কেনই বা পরিণীতি চোপড়ার স্বামীকে পদ্ম শিবিরে যাওয়ার পরামর্শ দিলেন ‘পিগি চপস’?
কেন বিজেপি বেছে নিলেন রাঘব?
একটি জনপ্রিয় পডকাস্টে অংশ নিয়ে নবজ্যোৎ কৌর দাবি করেছেন, রাঘব চাড্ডার ওপর কেন্দ্রীয় সংস্থার খাঁড়া ঝোলার আশঙ্কা ছিল। আপ-এর অভ্যন্তরে রাঘবকে কোণঠাসা করার চেষ্টা চলছিল এবং ইডির (ED) তদন্তের জাল তাঁর দিকে এগিয়ে আসছিল। এই সংকট বুঝতে পেরেই আসরে নামেন প্রিয়াঙ্কা। বোন পরিণীতি চোপড়া (Parineeti Chopra) যাতে কোনও বিপদে না পড়েন এবং তাঁর স্বামীর রাজনৈতিক ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে, সেই কারণেই নাকি প্রিয়াঙ্কা উদ্যোগ নিয়ে এই দলবদল করিয়েছেন।
নবজ্যোত কৌরের কথায়, “প্রিয়াঙ্কা চোপড়া বুঝতে পেরেছিলেন যে রাঘব চাড্ডাকে টার্গেট করা হচ্ছে। বোনকে সুরক্ষিত রাখতেই তিনি রাঘবকে বিজেপিতে যাওয়ার জন্য চাপ দেন।” শুধু তাই নয়, সিধু-পত্নীর দাবি, আপ নেতারা নাকি আগে থেকেই জানতেন রাঘব দল ছাড়ছেন। গত দেড় বছর ধরে রাঘব তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে চিন্তিত ছিলেন, কিন্তু প্রকাশ্যে কিছু বলছিলেন না। তাঁর নীরবতা নিয়ে দলের ভেতরেও জলঘোলা হচ্ছিল।
রাঘবের এই দলবদল যে ‘জেন-জি’ বা তরুণ প্রজন্মের ভোটাররা ভালো চোখে দেখেননি, তার প্রমাণ মিলেছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, বিজেপিতে যোগ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইনস্টাগ্রামে রাঘব চাড্ডার ফলোয়ার সংখ্যা প্রায় ২০ লক্ষ কমে গিয়েছে। অভিনেতা প্রকাশ রাজ এবং অভিনেত্রী কুনিকা সদানন্দও রাঘবের এই আদর্শ বদল নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন। রাঘব চাড্ডা সত্যিই প্রিয়াঙ্কার কথা শুনে বা ইডির ভয়ে দলবদল করেছেন কি না, তা নিয়ে এখনও মুখ খোলেননি চোপড়া পরিবারের কেউই।