Arvind Kejriwal rally: ‘বাম, কংগ্রেসকে ভোট দেবেন না’, বাংলায় এসে আবেদন কেজরীর, কারণও জানালেন – Bengali News | AAP supremo Arvind Kejriwal Campaigns for TMC in Kolkata, Urges Voters to Reject Congress, Left and BJP
তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের সমর্থনে বেলেঘাটায় প্রচারে অরবিন্দ কেজরীবালImage Credit: TV9 Bangla
কলকাতা: তৃণমূলের হয়ে প্রচারে বাংলায় এসেছেন তিনি। রবিবার বেলেঘাটায় কুণাল ঘোষের সমর্থনে প্রচার করতে গিয়ে বাম ও কংগ্রেসকে নিশানা করলেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল। বাম ও কংগ্রেসকে ভোট না দেওয়ার আবেদন জানালেন তিনি। এর কারণও ব্যাখ্যা করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিজেপিকে নিশানা করলেন কেজরীবাল।
কী বললেন কেজরীবাল?
এদিন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষকে পাশে নিয়ে বাম ও কংগ্রেসকে নিশানা করে কেজরীবাল বলেন, “ভোট ভাগ হতে দেবেন না। কংগ্রেসকে ভোট দেবেন না। বামেদের ভোট দেবেন না। ভোট নষ্ট হবে। ওরা জিততে চায় না। ওরা ভোট কাটতে চায়। তাই, তৃণমূল প্রার্থীকেই ভোট দিয়ে জেতান।” একসময় ইন্ডি জোটে বাম, কংগ্রেস, তৃণমূলের সঙ্গে ছিল আপ। তবে এখন কেজরীর দল ইন্ডি জোটের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে। এই অবস্থায় এদিন তৃণমূলের হয়ে ভোট প্রচারে এসে বাম ও কংগ্রেসকে এক হাত নেন আপ সুপ্রিমো।
বিজেপিকেও নিশানা কেজরীবালের
অন্নপূর্ণা ভান্ডারে মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। তা নিয়ে কটাক্ষ করে কেজরীবাল বলেন, “গত বছরের ফেব্রুয়ারিতে দিল্লিতে নির্বাচনের সময় বলেছিল, ৮ মার্চ থেকে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে। আরও একটা মার্চ চলে গেল। এক বছর পেরিয়ে গেলেও মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আর মোদীজি এখানে এসে বলছেন, মহিলাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা দেবেন। উনি দেবেন না। বরং নিয়ে নেবেন। তাই বিজেপিকে ভুল করেও ভোট দেবেন না।”
তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা খুব ভালো লড়াই করছেন। বিজেপির বিরুদ্ধে লড়তে হিম্মত দরকার। বাংলার মানুষ যেভাবে লড়ছেন, আমরা সবাই আপনাদের পাশে রয়েছি। আমরা দিদির পাশে রয়েছি।”