গরমে ঘরে বানানো এই খাবারও হতে পারে বিষ! ‘স্টমাক ফ্লু’-র শিকার হচ্ছেন না তো? – Bengali News | Summer Health Alert: Why Stomach Flu and Food Poisoning Rise in Heatwaves and Prevention Tips
কেন এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে?Image Credit: Gemini Ai
বাইরে তাপমাত্রা চরচর করে বাড়ছে। আর এই গরমে বেশিরভাগ মানুষের মুখেই একটাই কথা, ‘পেটটা ঠিক নেই’! কেউ বলছেন গ্যাস, আবার কেউ বলছেন বদহজম। কিন্তু জানেন কি চিকিৎসকরা বলছেন একেবারে অন্য কথা। গরমের এই পেটের সমস্যার জন্য দায়ী কি শুধু বাইরের খাবার? একদমই তা নয়, আপনার অতি পছন্দের বাড়ির খাবার থেকেই হতে পারে বিষক্রিয়া। বাসি খাবার, ফ্রিজে রাখা খাবার ভয়ঙ্কর ক্ষতি করছে পেটের। আর একেই ডাক্তারি পরিভাষায় বলা হচ্ছে ‘স্টমাক ফ্লু’।
কেন এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে?
গরম বাড়লে মানুষের কষ্ট হলেও ভাইরাস, ব্যাকটেরিয়াদের জন্য এটা আরামদায়ক সময়। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের একটি গবেষণা অনুযায়ী, ভ্যাপসা গরমে জীবানুরা মাত্র ২০ মিনিটে সংখ্যায় প্রায় দ্বিগুণ হয়ে যায়। বৈজ্ঞানিক ভাষায় একে বলা হয় ‘বাইনারি ফিশন’। ভাবুন তো একবার যে খাবারটা সকালেই বানিয়ে ফ্রিজে রাখলেন, তার কয়েক ঘন্টার মধ্যেই কয়েক হাজার হাজার জীবাণু বংশবৃদ্ধি করে ফেলেছে!
সালমোনেল্লা বা ই-কোলাইয়ের মত ব্যাকটেরিয়ার দাপটে টাটকা খাবারও কয়েক ঘন্টার মধ্যেই বিষাক্ত হয়ে উঠতে পারে। জানেন বাড়ির খাবার কখন বিপজ্জনক হতে পারে? অনেকেই মনে করেন ফ্রিজে খাবার রাখলেই তা দীর্ঘদিন ভালো থাকে। তবে বিশেষজ্ঞরা বলছেন এই অভ্যাসই সবচেয়ে বড় ভুল।
কী কী করবেন না?
দু-তিন দিনের বাসি খাবার গরম করে খেলে বিষক্রিয়ার ঝুঁকি থাকে সবচেয়ে বেশি।
ফল কেটে অনেকক্ষণ রেখে দিলে তাতে দ্রুত সংক্রমণ ছড়ায়। এমনকী কাঁচা সবজি বা শাকপাতাতেও জীবাণু বাসা বাঁধতে পারে।
অনেকেই ফুটন্ত খাবার সরাসরি ফ্রিজে রেখে দেন। এতে ফ্রিজের ভিতরের তাপমাত্রা বেড়ে যায়, যা ব্যাকটেরিয়া জন্মানোর আদর্শ পরিবেশ তৈরি করে।
পেটের এই সমস্যাকে জয় করে সুস্থ থাকতে কী কী করবেন?
১. রান্না করা খাবার দু’ঘন্টার বেশি ফ্রিজের বাইরে রাখবেন না। খাবার ঢাকা দিয়ে তবে ফ্রিজে ঢোকান।
২. খাবার বারবার গরম করলে পুষ্টিগুণ নষ্ট হওয়ার পাশাপাশি টক্সিন তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।
৩.সপ্তাহে অন্তত একদিন ভিনিগার জল দিয়ে ফ্রিজ পরিষ্কার করুন। বিশেষত যে জায়গায় কাঁচা মাছ, মাংস রাখছেন সেই জায়গা বিশেষভাবে পরিষ্কার রাখা জরুরি।
৪.বাজার থেকে আনা সবজি, মাংস নুন গরম জলে ধুয়ে নিন। মনে রাখবেন তাপে জীবাণু মরার সম্ভাবনা প্রবল।
৫. স্টিল এবং প্লাস্টিকের পাত্রের পরিবর্তে কাচ, সেরামিকের পাত্রে খাবার ঢেকে রাখার চেষ্টা করুন।