Indian Test Team : টানা ম্যাচ, বিশ্রাম কই…ক্ষুব্ধ ভারতীয় কোচ গৌতম গম্ভীর! – Bengali News | Gautam Gambhir is unhappy with this hectic schedult of indian cricket
একগাদা ম্যাচ, বিশ্রাম কম নিয়েই গম্ভীর ও টেস্ট ও ওয়ান ডে ক্যাপ্টেন শুবমান গিল ভারতের এই সূচি নিয়ে অসন্তুষ্ট। Image Credit: Getty Images
কলকাতা : ভারতীয় ক্রিকেটের সূচি নিয়ে আবার অসন্তোষ দেখা গিয়েছে দলের খেলোয়াড়দের মধ্যে। একগাদা ম্যাচ, বিশ্রাম কম। এই নিয়েই দলের কোচ গম্ভীর ও টেস্ট ও ওয়ান ডে ক্যাপ্টেন শুবমান গিল ভারতের এই সূচি নিয়ে অসন্তুষ্ট। পরপর ম্যাচ খেলার ফলে প্লেয়ারদের শারীরিক ও মানসিক ক্লান্তি হচ্ছে, এর ফলে সঙ্কটে পড়বেন ক্রিকেটাররা।
আইপিএল ২০২৬ শেষ হচ্ছে ৩১ মে। তার পরেই শুরু আফগানিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচ। ৬ জুন থেকে শুরু সেই ম্যাচ। শেষ কয়েক মাসে একগুচ্ছ ক্রিকেট ছিল। বিশ্বকাপের পরেই ছিল আইপিএল। এবার তার ঠিক ৬ দিন পরেই শুরু এই টেস্ট। একটি মাত্রই টেস্ট খেলবে দুই দল। যদিও, আইপিএলের প্লে-অফ কোন দল খেলবে, সেই বিষয় এখনও ঠিক হয়নি কিন্তু ক্রিকেটাররা ক্লান্ত থাকবেন, মত গম্ভীরের। এই অতিরিক্ত সূচির কারণে বেশ কিছু সিনিয়র ক্রিকেটারদের বাদ দিতে পারে বোর্ড। বিসিসিআই ইতিমধ্যেই ভাবতে শুরু করেছে, এই সিনিয়রদের বদলে কারা খেলতে পারেন। খুব সম্ভবত, জাতীয় দলে সুযোগ পেতে পারেন আকিব নবি, দেবদত্ত পাদিক্কাল, গুরনুর ব্রার-এর মতো খেলোয়াড়রা। এঁরা ঘরোয়া ক্রিকেটে বেশ ভাল পারফর্ম করেছিলেন। একটি রিপোর্টে বলা হয়েছে,”এই টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যে অন্তর্ভুক্ত নয়। এতে তাই ডব্লিউটিসি-র পয়েন্ট নেই। সেই কারণেই আমাদের মূল লক্ষ্য খেলোয়াড়দের ফিট রাখা। আইপিএলের পরেই টেস্ট খেলা অনেকের কাছে ঝুঁকিপূর্ণ হতে পারে।”
সূত্রের খবর, নির্বাচকরা ও ভারতীয় দল ম্যানেজমেন্ট খেলোয়াড়দের রোটেশন ও মেডিক্যাল দলের পরামর্শকে গুরুত্ব দিতে চাইছে। গত দুই বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খারাপ ফল হওয়ার ফলে এই বছর যেকোনও মূল্যে ডব্লিউটিসি জিততে চায় ভারত। সেই কারণেই যথেষ্ট সতর্ক রয়েছে ভারত। অর্থাৎ, আফগানিস্তান ম্যাচে অনেক নতুন মুখকে ভারতীয় দলের জার্সিতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।