Shamik Bhattacharya: ‘মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন, আমরা লোক ঢোকাচ্ছি’, কী বললেন শমীক? – Bengali News | Shamik Bhattacharya Counters ‘Outsider Voter’ Claim, Says They Are Bengal’s Own People
শমীক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতিImage Credit: TV9 Bangla
কলকাতা: বিধানসভা নির্বাচনের উত্তপ্ত আবহে ফের নতুন বিতর্ক। বাইরে থেকে লোক ঢুকিয়ে ভোট করানোর অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই ‘বহিরাগত’ তত্ত্বের পাল্টা জবাব দিতে গিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি দাবি করেছেন, ‘মুখ্যমন্ত্রী ঠিক কথাই বলছেন…’। ভোট দেওয়ার জন্য ৭৩টি স্পেশ্যাল ট্রেনে করে ভিনরাজ্যে কর্মরত বাংলার পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা হচ্ছে।
সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য বলেন, “মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন যে আমরা বাইরে থেকে ভোটার আনছি, কিন্তু সেই ভোটাররা পশ্চিমবঙ্গেরই।” তাঁর দাবি, গুজরাটের সুরাট, মহারাষ্ট্র-সহ বিভিন্ন প্রান্ত থেকে কর্মজীবীরা নিজেদের রাজ্যের মাটিতে ভোট দিতে ফিরে আসছেন। মুখ্যমন্ত্রী বারবার যে অভিযোগ তুলছেন, তার প্রেক্ষিতে শমীকের স্পষ্ট বার্তা—এরা বহিরাগত নন, বরং বাংলারই সন্তান যাঁরা জীবিকার সন্ধানে ভিনরাজ্যে পাড়ি দিয়েছিলেন।
শমীক ভট্টাচার্য আরও এক ধাপ এগিয়ে বলেন, “বাংলা বলার অপরাধে যাঁদের ভিনরাজ্যে নিগ্রহের শিকার হতে হয়েছিল, তেমন অভিযোগ উঠেছিল, তাঁরাই এখন নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে নিজের রাজ্যে ফিরছেন।” তিনি জানান, উত্তরবঙ্গের পরিযায়ী শ্রমিকরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, এবার দক্ষিণবঙ্গের বাসিন্দারা আসছেন। তাঁর দাবি, বিজেপির নিজস্ব ব্যবস্থায় এবং অনেকের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় এই শ্রমিকরা বাংলায় ফিরছেন।
একদিকে তৃণমূলের ‘বহিরাগত’ আমদানি করার অভিযোগ, অন্যদিকে বিজেপির পরিযায়ী শ্রমিকদের ‘অধিকার ফিরিয়ে আনা’-র দাবি—এই দুই বিপরীতমুখী প্রচারকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই শ্রমিকদের ফিরে আসা ভোটবাক্সে বড়সড় প্রভাব ফেলতে পারে।