Delhi Girl Liver Fail: রোজ রোজ মোমো খাওয়াই কাল! হারাল স্মৃতি, গুরুতর অসুস্থ কিশোরী – Bengali News | 10 years old girl liver failed after having momos everyday in Delhi
দিল্লিতে মোমো খেয়েই অসুস্থ শিশুImage Credit: Freepik
নয়াদিল্লি : বর্তমান যুগে ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা খুব বেড়ে গিয়েছে। কাজের চাপে সময়ের অভাবে অনেককেই বাইরের খাবারের দিকে ঝুঁকতে হচ্ছে। তবে, ফাস্ট ফুড যে কতটা ক্ষতি করে দিতে পারে শরীরের, জানেন? আপনি ভুলে যেতে পারেন, একটা সময় আমার মাথা কাজ করা বন্ধ করে দিতে পারে। এমনটাই ঘটেছে ১০ বছরের এক কিশোরীর সঙ্গে। মোমো খেতে খুব ভালবাসত সে। কিন্তু, সেই মোমো খাওয়াই কাল হল।
মোমো খেয়েই বিকল লিভার
দিল্লির বুরারির ঘটনা। সেখানকারই বাসিন্দা ১০ বছরের তানিয়া। এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, তানিয়া হঠাৎ করেই স্মৃতিশক্তি হারাতে শুরু করে। ছোটখাটো জিনিসও মনে রাখতে পারছিল না। এমনকী, হাঁটা-চলাতেও সমস্যা হচ্ছিল। ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা করে জানায়, তার লিভার প্রায় বিকল হয়ে গিয়েছে। শরীরে বিষাক্ত পদার্থ জমে গিয়ে মস্তিষ্ক ফুলে যায়। দ্রুত তাকে আইসিইউ-তে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, নিয়মিত মোমোসহ বিভিন্ন ফাস্ট ফুড খাওয়ার জন্যই এমনটা হয়েছে।
কী কী লক্ষণ ছিল
পরিবারের দাবি, তানিয়ার বাবা-মা দু’জনেই কর্মরত। তাঁদের অনুপস্থিতিতে তানিয়া প্রায়ই দাদুর কাছ থেকে টাকা নিয়ে বাইরে থেকে মোমো, চিপস ইত্যাদি জাঙ্ক ফুড কিনে খেত। পরিবারের দাবি, প্রথমে ভুলে যাওয়ার লক্ষণ দেখা দেয়। তারপর অতিরিক্ত ক্লান্তি,পরে ভাল করে দাঁড়াতেও পারছিল না। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে জন্ডিস ধরা পড়ে। এরপর তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
শুরুতে চিকিৎসকরা লিভার ট্রান্সপ্লান্টের পরামর্শ দিলেও পরে প্লাজমাফেরেসিস চিকিৎসার মাধ্যমে তার অবস্থার উন্নতি হয়। ধীরে ধীরে সুস্থ হওয়ার পথেই রয়েছে তানিয়া। এখন ফাস্ট ফুড খাওয়াও বন্ধ করেছে। শিশু বিশেষজ্ঞদের মতে, দিল্লির প্রায় ৩৫ শতাংশ শিশুর মধ্যে ফ্যাটি লিভারের লক্ষণ দেখা যাচ্ছে। এই সমস্যার প্রধান কারণ অতিরিক্ত ফাস্ট ফুড,দীর্ঘক্ষণ স্ক্রিনটাইম।