'নিজেকে মৃতদেহর মতো লাগে...', সময় রায়নার সঙ্গে হঠাৎ কী ঘটল? - Bengali News | Samay raina reveals how backlash firs and emotional turmoil after the latent controversy - 24 Ghanta Bangla News
Home

‘নিজেকে মৃতদেহর মতো লাগে…’, সময় রায়নার সঙ্গে হঠাৎ কী ঘটল? – Bengali News | Samay raina reveals how backlash firs and emotional turmoil after the latent controversy

Spread the love

বিখ্যাত রিয়্যালিটি শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক বিতর্কের পর প্রথমবারের মতো মুখ খুললেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান সময় রায়না। এই কঠিন সময় কীভাবে তাঁর মানসিক অবস্থাকে খাদের কিনারে ঠেলে দিয়েছিল এবং সেই যন্ত্রণা থেকেই কীভাবে জন্ম নিল তাঁর নতুন স্পেশাল ‘স্টিল অ্যালাইভ’ (Still Alive), তা নিয়ে বিস্ফোরক সব তথ্য শেয়ার করলেন তিনি।

বৈভব মুঞ্জালের পডকাস্টে এসে সময় জানান, রণবীর আলাহবাদিয়ার একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে যে ঝামেলার সূত্রপাত হয়েছিল, তা ক্রমে চরম আকার নেয়। একের পর এক এফআইআর এবং জনরোষের মুখে পড়ে জীবনের অন্ধকারতম পর্যায়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। সময় জানান, তাঁর এই বিশেষ শো-টি আসলে সেই বুকফাটা কান্নারই এক শৈল্পিক বহিঃপ্রকাশ।

নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সময় বলেন, “মানুষ যখন শো-টি দেখল, তাঁদের চোখে জল ছিল। আমার নিজের চোখেও জল ছিল। শো-টি করার পর আমি বুঝতে পেরেছিলাম যে জাদুকরী কিছু একটা তৈরি হয়েছে। আমি আমার সমস্ত যন্ত্রণা কাগজে নামিয়ে এনেছি এবং গোটা বিশ্বকে দেখিয়েছি। এই কাজটা আমাকে নিজের ক্ষত সারাতে সাহায্য করেছে। মাত্র দুই মাসে আমি স্ক্রিপ্টটি তৈরি করে ট্যুরে বেরিয়ে পড়েছিলাম। সাধারণত একটি স্পেশাল লিখতে এক-দুই বছর সময় লাগে, কিন্তু মনের ভেতর এতটাই কষ্ট জমে ছিল যে কলম থামেনি।”

নিজের বিধ্বস্ত অবস্থার বর্ণনা দিতে গিয়ে তিনি আরও বলেন, “সেই সময় আমি চলন্ত লাশের মতো হয়ে গিয়েছিলাম। বাইরের জগতের সাথে আমার কোনও সংযোগ ছিল না। মানুষ হাসছে দেখলে আমার ঘৃণা হতো। আমার বন্ধু বলরাজ ঘাই আমাকে ঘর থেকে বের করার অনেক চেষ্টা করত, কিন্তু আমার কিছুই ভালো লাগত না। যখন আমরা কানাডা ট্যুরে ছিলাম, তখন মাইনাস ২৭ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডার মধ্যে আমি একা একটি ঘরে পড়ে থাকতাম আর সারাক্ষণ কাঁদতাম। প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে দিয়ে গিয়েছি আমি।”

সময়ের কথায়, এই ‘স্টিল অ্যালাইভ’ তাঁর করা এখন পর্যন্ত শ্রেষ্ঠ কাজ। ব্যক্তিগত বিপর্যয়কে কীভাবে তিনি কমেডির মোড়কে মঞ্চে তুলে ধরলেন, সেই লড়াইয়ের গল্প শুনে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *