Kolkata Weather Update: বৈশাখের শুরুতেই খেল দেখাবে গরম, এবার বর্ষায় বৃষ্টিও হবে কম, পূর্বাভাস মৌসম ভবনের – Bengali News | Meteorological Department says India, including West Bengal, is likely to receive below normal rainfall this monsoon
বর্ষায় এবার কম বৃষ্টি, বাড়বে গরমImage Credit: Tv9 Bangla
কলকাতা : চৈত্রে সেভাবে গরম টের পায়নি বাংলা। মাঝে কয়েকদিন গরম পড়লেও বৃষ্টির জেরে আবহাওয়া মনোরমই থেকেছে। কিন্তু, বৈশাখ মাস পড়তেই চড়চড়িয়ে বাড়বে পারদ। এমনই পূর্বাভাস মৌসম ভবনের। শুধু তাই নয়, এবার বর্ষায় বৃষ্টিও কম হবে বলে জানানো হয়েছে। শুধু এই রাজ্য নয়, দেশের আরও কয়েকটি রাজ্যের জন্য একই পূর্বাভাস মৌসম ভবনের। চৈত্র শেষ হতে বাকি এখনও একদিন। তার আগেই খারাপ খবর শোনাল মৌসম ভবন।
মৌসম ভবন জানিয়েছে, এবার বর্ষায় দেশে কম বৃষ্টি হবে। নেপথ্যে এল নিনো। জুনে এল নিনো পরিস্থিতি তৈরি হতে পারে গোটা দেশে। যার জেরে দেশে ৮ শতাংশ কম বৃষ্টি হতে পারে। তবে, কয়েকটি রাজ্যে আবার স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে। কিন্তু, গোটা দেশের হিসেবে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হবে। মৌসম ভবন জানিয়েছে, পশ্চিমবঙ্গের জন্যও একই পূর্বাভাস রয়েছে। এবার বাংলায় স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হবে। গরমও বেশি পড়বে বলে জানানো হয়েছে।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, বৈশাখের শুরুতেই গরমের দাপট বাড়বে বাংলায়। ৪০ ডিগ্রি পেরোতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। ৪১ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পুরুলিয়ার তাপমাত্রা। এদিকে, কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে ৩৭ ডিগ্রির ঘরে।
চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বুধবার অর্থাৎ পয়লা বৈশাখের দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান-সহ বেশ কিছু জায়গায়। বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে র বেশ কয়েকটি জায়গায়। তবে, কলকাতায় এখনই সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। বরং আগামিকাল পয়লা বৈশাখ থেকেই চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রা। বিক্ষিপ্ত বৃষ্টিতেও গরম কমবে না।